দৈনিক সংবাদ দিগন্ত

তুরস্কের স্পিকারের কাছে প্রেসিডেন্টের উদ্দেশে শফিকুর রহমানের চিঠি

তুরস্কের পার্লামেন্টের স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার ৮ অক্টোবর তুরস্কের রাজধানী আঙ্কারায় দেশটির পার্লামেন্ট ভবন গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে স্পিকারের দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তুরস্কের পার্লামেন্টের বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান আকিফ ইলমাজ এমপিও উপস্থিত ছিলেন।বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, সংসদীয় গণতন্ত্রে জামায়াতের ভূমিকা এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।এ সময় তুরস্কের পার্লামেন্টের স্পিকার নুমান কুরতুলমুশ বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন যাত্রার জন্য অভিনন্দন জানান। পাশাপাশি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে জামায়াতের ভূমিকার প্রশংসা করেন বলে জানানো হয়েছে।বৈঠকে ডা. শফিকুর রহমান বাংলাদেশের সাম্প্রতিক গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে জামায়াতে ইসলামীর ভূমিকা সম্পর্কে তুরস্কের স্পিকারকে অবহিত করেন।আরও পড়ুন,ভারতের সঙ্গে বৈরিতা নয় স্বার্থের সুরক্ষা চান নাহিদ ইসলাম তিনি রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। একই সঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য তুরস্কের অব্যাহত সহযোগিতা ও মানবিক ভূমিকার জন্য দেশটির সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।সাক্ষাৎকালে তুরস্কের প্রেসিডেন্টের উদ্দেশে লেখা একটি চিঠি স্পিকারের কাছে হস্তান্তর করেন ডা. শফিকুর রহমান।এ ছাড়া বাংলাদেশ ও তুরস্কের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানান।বৈঠকে উভয়পক্ষ অর্থনৈতিক, সংসদীয়, শিক্ষাগত, প্রযুক্তিগত, শিল্প-সাহিত্য ও মানবিক ক্ষেত্রে পিপল-টু-পিপল সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

 তুরস্কের স্পিকারের কাছে প্রেসিডেন্টের উদ্দেশে শফিকুর রহমানের চিঠি