প্রধানমন্ত্রীর আগমনে পাকুন্দিয়ার মির্জাপুরে উৎসবের আমেজ, সড়কের পাশে মানুষের ঢল
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মির্জাপুরে সকাল থেকেই বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। নির্ধারিত সড়কের বিভিন্ন পয়েন্টে নেমেছে মানুষের ঢল। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে ভোর হওয়ার আগেই সড়কের দুই পাশে অবস্থান নেন নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ।দিনব্যাপী কিশোরগঞ্জ সফরের অংশ হিসেবে পাকুন্দিয়ার মির্জাপুর এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে পোনামাছ অবমুক্ত করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। একই সঙ্গে স্থানীয় মৎস্যচাষিদের মধ্যে পোনা বিতরণ ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচিও রয়েছে।প্রধানমন্ত্রীর আগমন ঘিরে স্থানীয়দের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। অনেকেই বলছেন, জীবনে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখার সুযোগের অপেক্ষায় রয়েছেন তারা।আরও পড়ুন, রোহিঙ্গাদের ‘বাঙালি’ দাবি মিয়ানমারের, নিরাপত্তা স্থিতিশীল হলে ফেরত নেওয়ার ঘোষণাভোর থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে সড়কের পাশে অবস্থান নেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে জনসমাগম।প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। যানচলাচল ও সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।সড়কের দুই পাশে অপেক্ষমাণ মানুষের একটাই প্রত্যাশা—দূর থেকে হলেও একবার প্রিয় নেতাকে চোখের দেখা পাওয়া।প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে পাকুন্দিয়ার মির্জাপুরে তাই সকাল থেকেই তৈরি হয়েছে উৎসবের আবহ। এখন অপেক্ষা প্রধানমন্ত্রীর আগমনের।