স্যান্ডপেপার বিতর্কে অস্ট্রেলীয় ক্রিকেটে নতুন করে অস্থিরতা তৈরি হলেও অধিনায়ক প্যাট কামিন্সের ওপর আস্থা হারায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরের বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে নতুন করে আলোচনা শুরু হওয়ার পরও কামিন্সের নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে বোর্ড। তাকে অধিনায়ক পদে রাখার বিষয়ে সর্বসম্মত সমর্থন রয়েছে বলেও জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার অস্ট্রেলীয় ক্রিকেটার ক্যামেরন ব্যানক্রফটের প্রায় চার হাজার শব্দের একটি বর্ণনায় ২০১৮ সালের সেই বিতর্ক নতুন করে আলোচনায় আসে। বল বিকৃতির ঘটনায় শুধু তিন ক্রিকেটার নয়, পুরো দলের সংশ্লিষ্টতার ইঙ্গিত দেন তিনি। তার বক্তব্যের পর অধিনায়ক প্যাট কামিন্সের আগের সংবাদ সম্মেলনের বক্তব্য নিয়েও নতুন করে প্রশ্ন ওঠে। এ পরিস্থিতিতে গত শুক্রবার সিডনিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ এবং অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ডেভিড বুনের সঙ্গে বৈঠক করেন কামিন্স। বৈঠকের পর বোর্ড জানায়, অধিনায়ক হিসেবে তার ওপর পূর্ণ আস্থা রয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ডেভিড বুন বলেন, প্যাট কামিন্স ও তার দলের অন্য নেতারা গত আট বছরে যে সংস্কৃতি গড়ে তুলেছেন, তা নিয়ে তারা গর্বিত। আরও পড়ুন,অতিরিক্ত বোলিংয়ের চাপে একের পর এক চোটকামিন্সের সততা নিয়ে কোনো প্রশ্ন ওঠার বিষয়টি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন তিনি। এদিকে ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরের ঘটনা খতিয়ে দেখতে গঠিত স্বাধীন ফোরামে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন কামিন্স। তিনি বলেন, এই ফোরামকে শতভাগ সমর্থন করেন এবং সেখানে উপস্থিত থাকবেন। যেসব খেলোয়াড় ও কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে, তারাও নিজেদের বক্তব্য তুলে ধরতে আগ্রহী। তবে সেখানে অনেক কঠিন আলোচনা হবে বলেও স্বীকার করেন তিনি। সাম্প্রতিক বিতর্কের সূত্রপাত উসমান খাজার আত্মজীবনী ‘সবর’ প্রকাশের পর। বইটিতে খাজা দাবি করেন, ২০১৮ সালের বল টেম্পারিংয়ের ঘটনা সম্পর্কে পুরো দলই জানত। পরে ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটও তার বক্তব্যের পক্ষে কথা বলেন। তবে প্যাট কামিন্স ও মিচেল স্টার্কসহ কয়েকজন ক্রিকেটার এই অভিযোগ অস্বীকার করেছেন। নতুন করে বিতর্ক ছড়িয়ে পড়ার পরই স্বাধীন ফোরাম গঠনের সিদ্ধান্ত নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। এদিকে আগামী ৯ ডিসেম্বর পার্থে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট দিয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন কামিন্স। আপাতত তার লক্ষ্য আসন্ন সিরিজের জন্য দলকে প্রস্তুত করা।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।