গাজীপুর মহানগরীর পূবাইলে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাবের এসআরবি-১ স্পেশালাইজড কোম্পানি। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দুটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। উদ্ধার করা গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা। শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টা ৫ মিনিটে পূবাইল থানার খিলগাঁও এলাকার খোকন ফিলিং স্টেশনের সামনে স্থাপিত চেকপোস্টে তল্লাশির সময় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জামালপুর জেলার ইসলামপুর থানার পূর্ব কলাবান্দা বেপারীপাড়া এলাকার আরিফুল ইসলাম (২৮) ও মো. সজিব (২৮)। তারা বর্তমানে গাজীপুরের কালিয়াকৈর থানার মৌচাক উত্তরপাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন। র্যাবের এসআরবি-১ স্পেশালাইজড কোম্পানির দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকারী দল জানতে পারে, কয়েকজন মাদক কারবারি যানবাহনে করে ভৈরব থেকে গাজীপুর চৌরাস্তার দিকে গাঁজা নিয়ে আসছে। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে খিলগাঁও এলাকার খোকন ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট স্থাপন করা হয়।আরও পড়ুন,বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিরাইয়ে র্যালি ও আলোচনা সভাএ সময় গাজীপুর চৌরাস্তার দিকে যাওয়া বন্ধন পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৬১০৪) থামিয়ে তল্লাশি চালানো হয়। বাসের ইঞ্জিন বক্সে বসে থাকা দুই ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তাদের দেখানো মতে বাসের মালামাল রাখার বক্সে থাকা দুটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে বিশেষ কৌশলে মোড়ানো ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার মধ্যে আরিফুল ইসলামের কাছ থেকে পাঁচ কেজি এবং মো. সজিবের কাছ থেকে পাঁচ কেজি পাওয়া যায়। এ ছাড়া তাদের কাছ থেকে আইকন ও সিম্ফনি ব্র্যান্ডের দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে। অভিযান শেষে উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দ করা মোবাইল ফোনের তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার দুই ব্যক্তিকে পূবাইল থানায় হস্তান্তর করা হয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।