দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে পুলিশ বাহিনীতে ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগের পরিকল্পনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দুর্নীতি দমন, উগ্রবাদ প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাকে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে তুলে ধরেছেন তিনি।বুধবার জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সরকার আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে একটি আধুনিক, দক্ষ ও পেশাদার বাহিনীতে পরিণত করতে কাজ করছে। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই ১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে।তিনি জানান, সরকার কোনো ধরনের চরমপন্থা কিংবা উগ্রবাদের প্রতি কোনো প্রশ্রয় দেবে না। পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।আরও পড়ুন, মুক্তিযুদ্ধের শহীদদের নির্ভুল তালিকা তৈরিতে সরকারি উদ্যোগ: প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী অভিযোগ করেন, অতীতে প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে। এই দুর্নীতি নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ কঠোরতা অবলম্বন করবে বলেও তিনি জানান।তিনি বলেন, দেশের প্রতিটি মানুষ—কৃষক, শ্রমিক, শিক্ষক কিংবা ক্ষুদ্র ব্যবসায়ী—দিন শেষে নিরাপদে ঘরে ফিরতে চান। সেই নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের অন্যতম প্রধান দায়িত্ব।সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ এবং জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তাকে রাষ্ট্রের পবিত্র আমানত হিসেবে বিবেচনা করে। নিরাপদ, জবাবদিহিমূলক ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য।সরকারের এই ঘোষণার পর পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নতুন এ পরিকল্পনা কতটা কার্যকর ভূমিকা রাখে, এখন সেদিকেই নজর সবার।