যাচাই-বাছাই ছাড়াই পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচার, ব্যবস্থা চায় পুলিশ অ্যাসোসিয়েশন
সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা ও মনগড়া তথ্য ছড়িয়ে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। এ ধরনের অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পুলিশ অ্যাসোসিয়েশন দাবি করে, পুলিশ প্রধান থেকে শুরু করে রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার এবং থানার ওসিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিগত সরকারের সহযোগী হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে।বিবৃতিতে আরও বলা হয়, কোনো কর্মকর্তার নতুন পদায়নের পর তাকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে।আরও পড়ুন, ৫ আগস্ট ঘিরে সর্বোচ্চ সতর্কতায় র্যাব, ঢাকাসহ সারাদেশে জোরদার নিরাপত্তাঅ্যাসোসিয়েশনের মতে, কিছু ব্যক্তি নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সক্রিয়কর্মী পরিচয় দিয়ে বিভিন্ন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে জনমনে বিদ্বেষ সৃষ্টি এবং তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন।তবে সংগঠনটি বলছে, কোনো পুলিশ সদস্য অতীতে গুম, খুন, নির্যাতন বা অন্য কোনো অপরাধে জড়িত থাকলে প্রচলিত আইন অনুযায়ী নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু শুধু পূর্ববর্তী সরকারের আমলে দায়িত্ব পালন করেছেন—এমন কারণে পেশাদার কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচার গ্রহণযোগ্য নয়।বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন বলছে, পুলিশ বাহিনীর পেশাদারিত্ব বজায় রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রম জোরদারে সচেতন নাগরিক, গণমাধ্যম ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।