দৈনিক সংবাদ দিগন্ত

গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে ভারতের কাছে দুই বার চিঠি দিয়েও মেলেনি জবাব: পানিসম্পদমন্ত্রী

গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন ও সংশ্লিষ্ট বিষয়ে ভারত সরকারের কাছে দুটি চিঠি পাঠানো হলেও এখন পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। আগামী ১২ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হতে যাচ্ছে উল্লেখ করে তিনি বিষয়টি সমাধানে ভারতকে নতুন করে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন আয়োজিত আলোচনা সভা ও বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে প্রতিবেশী দেশকে দুটি চিঠি পাঠানো হয়েছে। এর মধ্যে তাঁর ব্যক্তিগতভাবে পাঠানো চিঠিরও কোনো উত্তর পাওয়া যায়নি। তবে ভারতের জবাবের অপেক্ষায় বসে নেই বাংলাদেশ। এ বিষয়ে কাজ করতে ইতোমধ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রত্যাশা জানিয়ে এ্যানি বলেন, বাংলাদেশ চায়, ভারত কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে নয়, বরং এ দেশের সামগ্রিক জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুক। বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়ে গঙ্গার পানিবণ্টন সমস্যার সমাধানে ভারত যথাযথ পদক্ষেপ নেবে বলে আশা করছে সরকার।আরও পড়ুন, দক্ষ কর্মী গড়তে প্রশিক্ষণ ও ভাষা শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রীপানি সংরক্ষণ ও উৎপাদন বাড়াতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, পানি ধরে রাখতে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের কাজ চলছে। পাশাপাশি পদ্মা ব্যারাজ প্রকল্প এবং পানির উৎপাদন ও ব্যবস্থাপনা উন্নয়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সীমান্তে কথিত ষড়যন্ত্র ও অবন্ধুত্বপূর্ণ আচরণ বন্ধের আহ্বান জানিয়ে পানিসম্পদমন্ত্রী বলেন, এ ধরনের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আলোচনার প্রসঙ্গ তুলে তিনি জানান, হাইকমিশনারের সঙ্গে কথা হয়েছে এবং তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। বৈঠকে বিভিন্ন বিষয়ে আশ্বাস পাওয়া গেলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি বা ফল পাওয়া যায়নি। মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে হত্যা, গুম, দুর্নীতি ও লুটপাটের সঙ্গে জড়িত ব্যক্তিদের কেন্দ্র করে ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার পরিবর্তে বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা উচিত। তিনি আশা প্রকাশ করেন, ভারত সঠিক সিদ্ধান্ত নিয়ে নতুন বন্ধুত্বের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে শক্তিশালী ও পারস্পরিক সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রাখবে।

গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে ভারতের কাছে দুই বার চিঠি দিয়েও মেলেনি জবাব: পানিসম্পদমন্ত্রী