দৈনিক সংবাদ দিগন্ত

সিট বাণিজ্য, পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধের নামে পদে পদে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সাধারণ রোগী ও তাদের স্বজনদের জিম্মি করে একটি শক্তিশালী সিন্ডিকেট বাণিজ্য চালিয়ে যাচ্ছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। হাসপাতালের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও দালাল চক্রের প্রভাবে অতিষ্ঠ হয়ে উঠেছে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ। বিশেষ করে বদরুল ও শরীফ নামের দুই ব্যক্তির নেতৃত্বাধীন সিন্ডিকেটের কবজায় পড়ে রোগীরা পদে পদে হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী স্বজনরা।​ চিকিৎসা সেবা :  ​খোঁজ নিয়ে জানা গেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার আশায় ছুটে আসেন শত শত গরিব ও অসহায় মানুষ। কিন্তু হাসপাতালে পা রাখার পর থেকেই এই সিন্ডিকেটের ফাঁদে পড়তে হয় তাদের। কখনো দালালদের মাধ্যমে টেস্টের নামে অতিরিক্ত অর্থ আদায়, আবার কখনো বিনা খরচে পাওয়ার কথা থাকা ওষুধ ও চিকিৎসাসেবা থেকে রোগীদের বঞ্চিত করে নির্দিষ্ট কিছু ডায়াগনস্টিক সেন্টার বা ফার্মেসিতে পাঠানোর অভিযোগ রয়েছে এই চক্রটির বিরুদ্ধে।​রোগীর স্বজনদের অভিযোগ, প্রতিবাদ করলে তাদের নানা ধরনের হুমকি ও দুর্ব্যবহারের শিকার হতে হয়। হাসপাতালের একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে এই সিন্ডিকেট তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে, ফলে জিম্মি দশায় দিন কাটছে রোগীদের।আরও পড়ুন,ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতা খুনের ঘটনায় যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা​ক্ষোভ ও মুক্তির দাবি :  ​হাসপাতালের মতো একটি জনসেবামূলক প্রতিষ্ঠানে এমন নৈরাজ্য ও সিন্ডিকেট রাজত্ব গড়ে ওঠায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল ও ভুক্তভোগী পরিবারগুলো। তাদের দাবি, অবিলম্বে এই বদরুল ও শরীফ সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করতে হবে। দালাল ও সিন্ডিকেট চক্রের হাত থেকে ওসমানী মেডিকেল কলেজ হাসপতালকে মুক্ত করে সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।​এ বিষয়ে হাসপাতালের দায়িত্বশীল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা জানান, অনিয়ম ও দালাল চক্রের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে সাধারণ মানুষের দাবি, কেবল আশ্বাসে নয়, দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমেই এই সিন্ডিকেটের মূলোৎপাটন করতে হবে।

সিট বাণিজ্য, পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধের নামে পদে পদে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ