নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবরকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছে পুলিশ সদর দপ্তর। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো পুরোনো ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলেও জানিয়েছে সংস্থাটি। পুলিশের দাবি, ওই গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের কোনো বসতি নেই। শনিবার (২১ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কালিয়া থানার বেন্দারচর সুইচগেট-সংলগ্ন বটতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির একটি মিছিলে হামলা করেন। এ ঘটনায় কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন শেখ (৪৫) এবং কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৪০) নিহত হন। ঘটনার পর অভিযান চালিয়ে দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাস (২১) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।আরও পড়ুন,সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ পুলিশ জানায়, তাঁরা বেন্দারচর গ্রামের বাসিন্দা এবং দুজনই বুলু বিশ্বাসের ছেলে। পুলিশ সদর দপ্তরের ভাষ্য অনুযায়ী, ওই হত্যাকাণ্ডের জেরে শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে নিহত ব্যক্তিদের বিক্ষুব্ধ আত্মীয়স্বজন এবং বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী বেন্দারচর গ্রামে জড়ো হন। একপর্যায়ে তাঁরা হত্যাকাণ্ডে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে চলে যান। খবর পেয়ে কালিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। পুলিশের দাবি, বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের কোনো পরিবার বা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও তথ্যের মাধ্যমে সরকার এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অপপ্রচার চালানো হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।