আড়াইহাজারে বিএনপি নেতা খুন, উত্তেজনায় সড়ক অবরোধ ও ভাঙচুর
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভেকু দিয়ে অবৈধ মাটি কাটাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে ওসমান গনি নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া এলাকার বিলসংলগ্ন কাউন্দার চক এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ওসমান গনি ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং বড় বিনাইরচর এলাকার বাসিন্দা ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রমজান আলীর সঙ্গে ভেকু দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ ছিল। সেই বিরোধের জেরে রমজানের লোকজন ওসমান গণির ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে বলে অভিযোগ রয়েছে।আরও পড়ুন , কক্সবাজারে ইয়াবা চালানসহ বিএনপি নেতার স্ত্রীসহ দুইজন গ্রেপ্তারপরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আড়াইহাজার জাবেদ আলী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে ঢাকায় নেওয়ার আগেই তার মৃত্যু হয়।ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকেই নিহতের স্বজন ও বিএনপির নেতাকর্মীরা আড়াইহাজার-গাউছিয়া সড়ক অবরোধ করেন। এ সময় কয়েকটি যানবাহনে ভাঙচুরের ঘটনাও ঘটে। এতে এলাকায় উত্তেজনা ও যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।