রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধান, দায়-দায়িত্ব নির্ধারণ এবং ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে সুপারিশ দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।শুক্রবার নৌপরিবহন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসটি ফেরি করবীতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়। তবে নিরাপত্তা নির্দেশনা মেনে আগে থেকেই যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছিল বলে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ রফিকুল করিমকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। আরো পড়ুন ,শরীরের সব রক্ত দিলেও বাঁচাতে পারলাম না’ ডেঙ্গুতে শিশুমৃত্যুতে বাবার কান্নাএছাড়া বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির একজন করে প্রতিনিধি সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।মন্ত্রণালয় জানিয়েছে, কমিটিকে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান, দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের ভূমিকা চিহ্নিত করা এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে করণীয় বিষয়ে সুপারিশ দিতে বলা হয়েছে।এছাড়া প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের সহায়তা নেওয়ার সুযোগও রাখা হয়েছে কমিটির জন্য। আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।এদিকে ফেরিতে যানবাহন ওঠানোর আগে যাত্রীদের নামিয়ে দেওয়ার নিরাপত্তা নীতিমালা কার্যকর থাকায় বড় ধরনের প্রাণহানি না হওয়াকে স্বস্তির বিষয় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে এমন ঘটনায় ফেরিঘাটের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।