দৈনিক সংবাদ দিগন্ত

ইরানে নারীদের পোশাকবিধি নিয়ে সরকারের কঠোর বার্তা

হিজাব ছাড়া কনসার্টে গান পরিবেশনের দায়ে ইরানি সংগীতশিল্পী পারাস্তু আহমাদি ও তার দলের চার সদস্যকে ৭৪ বার করে বেত্রাঘাত করা হয়েছে। একই সঙ্গে তাদের ওপর দুই বছরের ভ্রমণ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ ঘটনায় ইরানে নারীদের পোশাকবিধি কার্যকরে সরকারের কঠোর অবস্থান নতুন করে আলোচনায় এসেছে। সোমবার ২৩ নভেম্বর সংগীতশিল্পী ও তার সহযোগীদের আইনজীবী এ তথ্য জানান। লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম আল মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সংস্কারপন্থী সংবাদমাধ্যম এমতেদাদ আইনজীবী মোস্তফা নিলির বরাত দিয়ে জানায়, জনসমক্ষে অশালীন আচরণ এবং অনলাইনে অশ্লীল ও অনৈতিক বিষয়বস্তু প্রকাশের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর তাদের এ শাস্তি দেওয়া হয়। আইনজীবী দলের এক সদস্য জানান, পারাস্তু আহমাদি, কনসার্টে অংশ নেওয়া তিন সংগীতশিল্পী এবং গায়িকার প্রযোজককে পবিত্র নগরী কোমে বেত্রাঘাত করা হয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে কোম শহরে হিজাব ছাড়াই একটি কনসার্টে অংশ নেন ২৯ বছর বয়সী পারাস্তু আহমাদি। হাতাকাটা পোশাক পরে তিনি ঐতিহ্যবাহী ইরানি গান পরিবেশন করেন। কনসার্টের ভিডিও ইউটিউবে প্রকাশের পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ভিডিওটি ৩৩ লাখের বেশি বার দেখা হয়েছে। কনসার্টের পরপরই তাকে গ্রেপ্তার করা হলেও অল্প সময়ের মধ্যে মুক্তি দেওয়া হয়। পরে গত জুনে তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং সেপ্টেম্বরে সেই রায় বহাল থাকে। আরও পড়ুন,আজানের ধ্বনিতে চারপাশ শান্ত হয়ে আসে: প্রিয়াঙ্কা facebook sharing button১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকেই ইরানে জনসমক্ষে নারীদের চুল ঢেকে রাখা এবং ঢিলেঢালা পোশাক পরা আইনত বাধ্যতামূলক। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে ২০২২ সালের পর থেকে দেশটিতে হিজাববিধি অমান্য করে নারীদের চলাচলের প্রবণতা বেড়েছে। ২০২২ সালে যথাযথভাবে হিজাব না পরার অভিযোগে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে এক তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে ইরানজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপর থেকে হিজাব আইন নিয়ে সরকার ও সাধারণ মানুষের বিরোধ আরও প্রকাশ্য হয়ে ওঠে। এদিকে গত এক বছরে হিজাব আইন কার্যকরে আরও কঠোর পদক্ষেপের কথা জানিয়েছেন ইরানি কর্মকর্তারা। গত অক্টোবরে তেহরানের সরকারি কৌঁসুলি আইন বাস্তবায়নে ব্যর্থ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। এর আগে ২০২৫ সালের অক্টোবরে এক কর্মকর্তা জানান, হিজাব আইন মানা নিশ্চিত করতে তেহরান প্রদেশে ৮০ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এর আগেও হিজাববিধি লঙ্ঘনের অভিযোগে ইরানের একাধিক সংগীতশিল্পী গ্রেপ্তার ও শাস্তির মুখে পড়েছেন। পারাস্তু আহমাদি ও তার দলের সদস্যদের বেত্রাঘাতের ঘটনা দেশটিতে নারীদের পোশাকের স্বাধীনতা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর বিধিনিষেধ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে।

ইরানে নারীদের পোশাকবিধি নিয়ে সরকারের কঠোর বার্তা