কনটেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের ‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’ মন্তব্যের সমালোচনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। মঙ্গলবার ৬ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে সালমান মুক্তাদিরের বক্তব্যের প্রতিক্রিয়া জানান নাছির। তিনি বলেন, সালমানের মন্তব্য থেকে তার মনে হয়েছে দেশের ছাত্ররাজনীতির বর্তমান বাস্তবতা সম্পর্কে হয়তো তার পূর্ণাঙ্গ ধারণা নেই। নাছির উদ্দীন নাছিরের দাবি, বর্তমানে দেশের দুই হাজারেরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব প্রতিষ্ঠানে সংগঠনটির নেতাকর্মীদের সিংহভাগই নিয়মিত শিক্ষার্থী বলেও দাবি করেন তিনি।আরও পড়ুন,একের পর এক বিতর্কে অস্বস্তিতে জামায়াতছাত্রদলের সাধারণ সম্পাদক আরও বলেন, বিগত ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিয়মিত শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অনেক নেতাকর্মী ক্লাসরুম ও পরীক্ষার হল থেকে আটক হয়ে নির্যাতন ও কারাবরণের শিকার হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। এমনকি কারাগারে থাকা অবস্থায়ও অনেকে পরীক্ষায় অংশ নিয়েছেন বলে দাবি করেন নাছির। সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানে ওয়াসিম আকরামসহ ছাত্রদলের অনেক নিয়মিত শিক্ষার্থী শহীদ হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। সালমান মুক্তাদিরকে উদ্দেশ করে নাছির উদ্দীন বলেন, বাংলাদেশের যেকোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছাত্রদলের নিয়মিত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার জন্য তিনি তাকে আমন্ত্রণ জানাচ্ছেন। এতে বাস্তবতা নিজ চোখে দেখে সালমানের ভুল ধারণার অবসান হবে বলে আশা প্রকাশ করেন ছাত্রদলের এই নেতা।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।