নতুন ৬ মুখ নিয়ে সম্প্রসারিত মন্ত্রিসভা, বদলেছে কয়েক মন্ত্রণালয়ের দায়িত্ব
সরকার গঠনের ছয় মাসের মাথায় আরও বড় হলো প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভা। নতুন করে চারজন পূর্ণ মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পেয়েছেন। একই সঙ্গে একজন প্রতিমন্ত্রী পদোন্নতি পেয়ে পূর্ণ মন্ত্রী হয়েছেন। সব মিলিয়ে মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন ছয়জন।শুক্রবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। পরে সরকারি গেজেটও প্রকাশ করা হয়েছে।নতুন দায়িত্ব অনুযায়ী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আবদুল মঈন খান। রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদত্যাগ করায় স্থানীয় সরকার মন্ত্রীর পদটি শূন্য হয়েছিল।বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতকে পদোন্নতি দিয়ে একই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী করা হয়েছে। আর এ মন্ত্রণালয়ের আগের মন্ত্রী আফরোজা খানম রিতাকে দায়িত্ব দেওয়া হয়েছে খাদ্য মন্ত্রণালয়ের।আরও পড়ুন, আজ জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলএ ছাড়া বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।অন্যদিকে, হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে বহাল থাকছেন শামা ওবায়েদ ইসলাম। ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দায়িত্ব পালন করবেন দুজন প্রতিমন্ত্রী।ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন শামীম কায়সার।নতুন নিয়োগের ফলে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভার মোট সদস্যসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণ মন্ত্রী ২৬ জন এবং প্রতিমন্ত্রী ২৪ জন।এর আগে মন্ত্রিসভার সদস্যসংখ্যা ছিল ৪৮ জন। প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণ মন্ত্রী ছিলেন ২৪ জন এবং প্রতিমন্ত্রী ছিলেন ২৩ জন।সরকার গঠনের মাত্র ছয় মাসের মধ্যে মন্ত্রিসভার এই সম্প্রসারণের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ে নতুন নেতৃত্ব ও দায়িত্ব বণ্টন করা হলো।