জাতীয় সংসদের কার্য-উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে সর্বসম্মতিক্রমে পবিত্র জাতীয় সংসদ চত্বরকে শতভাগ ‘ধূমপানমুক্ত এলাকা’ হিসেবে ঘোষণা করার ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একটি সুস্থ, নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ এবং সর্বোপরি দেশের জনস্বাস্থ্য উন্নয়নে এ ধরনের সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করায় মাননীয় প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকারসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ তামাকবিরোধী জোট। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক আনুষ্ঠানিক বিবৃতিতে তামাকবিরোধী জোট জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা এবং একটি তামাকমুক্ত বাংলাদেশ গড়ার যে নির্বাচনী অঙ্গীকার ছিল, তার সফল বাস্তবায়নে এ ধরনের উদ্যোগ অত্যন্ত যুগান্তকারী ও দৃষ্টান্তমূলক। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে জনস্বাস্থ্য সুরক্ষা ও তামাক নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছিল, আরও পড়ুন,ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার লাইভ ফুটেজ বিশ্লেষণে বিজিবি সদর দপ্তরযার বাস্তব প্রতিফলন এই পদক্ষেপ। গত ৮ নভেম্বর সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ হিসেবে গড়ে তোলার এই প্রস্তাব উত্থাপন করেন। পরবর্তীতে কমিটির সকল সদস্যের সর্বসম্মত মতামতের ভিত্তিতে প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। তামাকবিরোধী জোট মনে করে, প্রধানমন্ত্রীসহ সংসদের কার্য-উপদেষ্টা কমিটির সব সদস্যের এই উদ্যোগ তাদের রাজনৈতিক বিচক্ষণতা ও জনস্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ দায়িত্বশীল আচরণের বহিঃপ্রকাশ। দেশের সর্বোচ্চ আইনসভা জাতীয় সংসদ কেবল আইন প্রণয়নের কেন্দ্রই নয়; বরং এটি রাষ্ট্রের নীতি, নৈতিক মূল্যবোধ ও জনকল্যাণমূলক অঙ্গীকারের প্রতিফলন ঘটানোর অন্যতম প্রধান প্রতিষ্ঠান। এখান থেকেই যেহেতু জনস্বাস্থ্য সুরক্ষা ও নাগরিকের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত আসে, তাই সংসদ ভবন ও এর পুরো চত্বরে শতভাগ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।আরও পড়ুন,প্রত্যর্পণ চুক্তিতে দেশে ফেরার পরামর্শ শেখ হাসিনাকেএকই সঙ্গে সংসদ চত্বরে প্রতিদিন আগত সংসদ সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ মানুষের জন্য একটি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। জনস্বাস্থ্য সুরক্ষায় এই উদ্যোগকে পুরোপুরি স্বাগত জানিয়ে বাংলাদেশ তামাকবিরোধী জোট প্রত্যাশা ব্যক্ত করেছে যে, সংসদ চত্বর কেবল ধূমপানমুক্ত রাখাই নয়, বরং খুব দ্রুত একে সম্পূর্ণ ‘তামাকমুক্ত’ এলাকা হিসেবে ঘোষণা করা হবে। উল্লেখ্য, ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ (সংশোধনী ২০২৬)’ অনুযায়ী ইতোমধ্যে পাবলিক প্লেস ও জনপরিবহনসমূহকে সম্পূর্ণ তামাকমুক্ত স্থান হিসেবে গণ্য করা হয়। তামাকবিরোধী জোট আশা প্রকাশ করেছে যে, জাতীয় সংসদ এলাকায় শতভাগ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করার এই প্রশংসনীয় উদ্যোগ দেশের অন্যান্য সব রাষ্ট্রীয় ও সরকারি প্রতিষ্ঠানেও অনুকরণীয় আদর্শ হিসেবে দ্রুত সম্প্রসারিত হবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।