দৈনিক সংবাদ দিগন্ত

শাহজালালের যাত্রী ধারণক্ষমতা বাড়বে তিন গুণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধন করা হবে। তবে উদ্বোধনের দিন থেকেই পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হচ্ছে না। প্রাথমিকভাবে চারটি ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে টার্মিনালটির আংশিক কার্যক্রম শুরু হবে। পুরোপুরি চালু হতে আরও ১৪ মাস সময় লাগবে। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। মন্ত্রী বলেন, তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি চলছে। এ লক্ষ্যে আগামী ৩০ নভেম্বরের মধ্যে জাপান কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি সম্পন্ন করা হবে। এরপর ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে টার্মিনালটির কার্যক্রম শুরু হবে। উদ্বোধনের দিন প্রথম ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উদ্বোধনের বিষয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সময় নির্ধারণ করলে এ বিমানবন্দর উদ্বোধন করা হবে।জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জাইকা) ২১ হাজার ১৩৯ কোটি টাকা অর্থায়নে নির্মিত হয়েছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। আরও পড়ুন,দুর্নীতিমুক্ত দেশ গড়তে প্রতিজ্ঞাবদ্ধ বর্তমান দুদক কমিশন: চেয়ারম্যান২০১৯ সালের ডিসেম্বরে প্রকল্পটির নির্মাণকাজ শুরু হয়। ২০২৩ সালের অক্টোবরে টার্মিনালটির সফট ওপেনিং অনুষ্ঠিত হয়েছিল। এর আগে চলতি বছরের আগস্টে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট পরীক্ষামূলকভাবে টার্মিনালটি ব্যবহার করে। সুমিতোমো করপোরেশনের নেতৃত্বাধীন জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে পরিচালনা চুক্তি নিয়ে সমঝোতার অভাবে বাণিজ্যিক কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। অন্তর্বর্তী সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে দুই বছরের জন্য নতুন টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব দেওয়ার পর কনসোর্টিয়ামের মধ্যে অসন্তোষ তৈরি হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।প্রায় ৫ লাখ ৪২ হাজার বর্গমিটার এলাকাজুড়ে নির্মিত টার্মিনালটির ফ্লোর স্পেস ২ লাখ ৩০ হাজার বর্গমিটার। এতে রয়েছে ২৬টি বোর্ডিং ব্রিজ, ১১৫টি চেক-ইন কাউন্টার, ৬৬টি ডিপারচার ইমিগ্রেশন ডেস্ক, ৫৯টি অ্যারাইভাল ইমিগ্রেশন ডেস্ক এবং তিনটি ভিআইপি ইমিগ্রেশন ডেস্ক। টার্মিনালটি চালু হলে শাহজালাল বিমানবন্দরের বার্ষিক যাত্রী ধারণক্ষমতা ৮০ লাখ থেকে বেড়ে ২ কোটি ৪০ লাখে উন্নীত হবে। পাশাপাশি কার্গো পরিচালনার সক্ষমতাও বাড়বে।

শাহজালালের যাত্রী ধারণক্ষমতা বাড়বে তিন গুণ