বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় সপ্তম অবস্থানে রয়েছেন পাকিস্তানের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও ধর্মীয় পণ্ডিত মুফতি মুহাম্মদ তাকি উসমানি। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত ২০২৭ সালের ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’ শীর্ষক বার্ষিক প্রকাশনায় তাঁর এ অবস্থানের কথা জানানো হয়েছে। প্রকাশনাটিতে তাঁকে হাদিস, ইসলামি আইনশাস্ত্র (ফিকহ) ও ইসলামি অর্থনীতির অন্যতম বিশেষজ্ঞ হিসেবে উল্লেখ করা হয়েছে। দেওবন্দি ধারার এই আলেমের ইসলামি শিক্ষাঙ্গনে আন্তর্জাতিক পর্যায়ে প্রভাব রয়েছে বলেও প্রকাশনায় তুলে ধরা হয়েছে।তালিকার আগের অবস্থানগুলোর দিকে তাকালে দেখা যায়, ২০২৬ সালে মুফতি তাকি উসমানি দ্বিতীয়, ২০২৫ সালে ষষ্ঠ এবং ২০২৪ সালে অষ্টম স্থানে ছিলেন। অর্থাৎ গত কয়েক বছর ধরে তিনি তালিকার প্রথম সারিতে রয়েছেন। ১৯৪৩ সালের ৫ অক্টোবর ভারতের দেওবন্দে জন্মগ্রহণ করেন মুফতি তাকি উসমানি। তিনি পাকিস্তানের সাবেক গ্র্যান্ড মুফতি মুফতি মুহাম্মদ শফির ছেলে। তাঁর বাবা করাচিতে দারুল উলুম প্রতিষ্ঠা করেন।আরও পড়ুন,মিসিসিপি নদীতে দুর্ঘটনায় আহত ৩২ যাত্রী হাসপাতালে ভর্তি, তবে সবাই শঙ্কামুক্ত পরবর্তী সময়ে ইসলামি শিক্ষা, গবেষণা ও ফিকহ চর্চায় আন্তর্জাতিক পরিচিতি অর্জন করেন তাকি উসমানি।১৯৮২ থেকে ২০০২ সাল পর্যন্ত পাকিস্তানের সুপ্রিম কোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ইসলামি ব্যাংকিং ও অর্থব্যবস্থার বিকাশেও তাঁর ভূমিকা রয়েছে। বিশ্বের এক ডজনের বেশি ইসলামি আর্থিক প্রতিষ্ঠানের শরিয়াহ বোর্ডের প্রধান বা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। আরবি, ইংরেজি ও উর্দু ভাষায় তাঁর ১৪৩টির বেশি বই রয়েছে। পবিত্র কোরআনের ইংরেজি ও উর্দু অনুবাদের পাশাপাশি সহিহ মুসলিমের ছয় খণ্ডের আরবি ব্যাখ্যাগ্রন্থও রচনা করেছেন তিনি। ২০২৬ সালের জুলাইয়ে পাকিস্তানের কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডগুলোর বৃহত্তম ফেডারেশন ওয়াফাকুল মাদারিস আল-আরাবিয়া পাকিস্তানের সভাপতি হিসেবে দ্বিতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হন মুফতি তাকি উসমানি। ২০১৯ সালে পাকিস্তান সরকার তাঁকে দেশটির অন্যতম বেসামরিক সম্মাননা ‘সিতারা-ই-ইমতিয়াজ’ প্রদান করে। ‘দ্য মুসলিম ৫০০’ প্রকাশনায় ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী মুসলিম ব্যক্তিত্বদের তুলে ধরা হয়।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।