দৈনিক সংবাদ দিগন্ত

দেবের ‘দেশু ৭’ ট্রেলার নিয়ে নেতিবাচক প্রচারের অভিযোগ

আসন্ন দুর্গাপূজায় মুক্তি পেতে যাচ্ছে ওপার বাংলার অভিনেতা দেবের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দেশু ৭’। সিনেমাটির ট্রেলার প্রকাশের কথা রয়েছে আগামীকাল। ট্রেলার প্রকাশকে ঘিরে জমকালো আয়োজনের পরিকল্পনাও করেছেন সিনেমাটির অভিনেতা ও পরিচালক। অনুষ্ঠানে দেব ও শুভশ্রীর পাশাপাশি অভিনেতা জিৎ-এরও উপস্থিত থাকার কথা রয়েছে। তবে ট্রেলার প্রকাশের আগেই সিনেমাটি নিয়ে পরিকল্পিতভাবে নেতিবাচক প্রচার চালানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন দেব। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ই-মেইলের ছবি প্রকাশ করেছেন এই অভিনেতা। সেই ই-মেইলকে ঘিরেই নতুন করে আলোচনা শুরু হয়েছে সিনেমাটিকে নিয়ে। দেবের প্রকাশ করা ছবিতে দাবি করা হয়েছে, নতুন সিনেমার ট্রেলার নিয়ে নেতিবাচক পর্যালোচনা করার বিনিময়ে অর্থ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। আরও পড়ুন,পাঁচ বছরের প্রেমের পর বিয়ে বিচ্ছেদে শেষ প্রীতম-শেহতাজের সংসারপ্রতিটি নেতিবাচক পর্যালোচনার জন্য ২০ হাজার রুপি পর্যন্ত দেওয়ার কথা উল্লেখ রয়েছে। শুধু তাই নয়, বেশি সংখ্যক মানুষের কাছে এসব নেতিবাচক পর্যালোচনা পৌঁছে দিতে পারলে অর্থের পরিমাণ আরও বাড়তে পারে বলেও ওই ই-মেইলে উল্লেখ রয়েছে বলে দাবি করা হয়েছে। ঘটনাটি সামনে আসার পর সিনেমাটির প্রচার কৌশল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিত নেতিবাচক প্রচার নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে প্রকাশিত ই-মেইলের সত্যতা এবং এর সঙ্গে কারা জড়িত সে বিষয়ে স্বাধীনভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এদিকে আগামীকাল ট্রেলার প্রকাশের পর সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়বে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। দুর্গাপূজার বড় পর্দায় ‘দেশু ৭’ কতটা সাড়া ফেলে এখন সেটিই দেখার বিষয়।

দেবের ‘দেশু ৭’ ট্রেলার নিয়ে নেতিবাচক প্রচারের অভিযোগ