দৈনিক সংবাদ দিগন্ত

শ্রীপুরে ৫০ দৃষ্টিপ্রতিবন্ধীর মাঝে সাদা ছড়ি বিতরণ

দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল সহজ ও নিরাপদ করতে গাজীপুরের শ্রীপুরে ৫০ জন দৃষ্টিপ্রতিবন্ধীর মাঝে সাদা ছড়ি বিতরণ করা হয়েছে। বিশ্ব সাদা ছড়ি দিবস উদ্‌যাপন উপলক্ষে শনিবার দুপুরে এ আয়োজন করা হয়। শ্রীপুর উপজেলার ১ নম্বর ওয়ার্ডের বাগমারা মাদ্রাসা সংলগ্ন এলাকায় প্রতিবন্ধী জাগরণ সংস্থার উদ্যোগে এ অনুষ্ঠান হয়। সংস্থার সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে এবং গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক খোরশেদ আলম মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীপুর পৌরসভার সাবেক ছাত্রনেতা ও মেয়র পদপ্রার্থী মো. নাসিম মন্ডল।আরও পড়ুন, বিচারাধীন সব মামলা আপোষ-মীমাংসা ও দ্রুত নিষ্পত্তির দাবিতে সিলেটে মানববন্ধন​বক্তব্যে নাসিম মন্ডল বলেন, স্বাভাবিক চলাচল ও আত্মনির্ভরশীল জীবনযাপনে সাদা ছড়ি দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সহায়ক উপকরণ। তাদের প্রতি শুধু সহানুভূতি নয়, বরং অধিকার, মর্যাদা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এ সময় মেয়র নির্বাচিত হলে দৃষ্টিপ্রতিবন্ধীদের পরিবারের জন্য আলাদাভাবে ভাবার এবং তাদের অবহেলিত না রাখার আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন শ্রীপুর উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি বাচ্চু মিয়া, শ্রীপুর পৌর শ্রমিক দলের সাবেক যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান এবং নাগরিক উন্নয়ন সংগঠনের জাহিদুল ইসলাম জাহিদ, শ্রীপুর পৌর কৃষক দলের সদস্য সচিব রাহাত হাসান জুয়েল ও পৌর জাসাসের যুগ্ম আহ্বায়ক রনি খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। ​আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দৃষ্টিপ্রতিবন্ধীদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে ৫০ জন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির হাতে সাদা ছড়ি তুলে দেন প্রধান অতিথি।

শ্রীপুরে ৫০ দৃষ্টিপ্রতিবন্ধীর মাঝে সাদা ছড়ি বিতরণ