মাত্র দুই দিনেই ইউটিউবে এক কোটি ভিউয়ের মাইলফলক অতিক্রম করেছে ক্যাপিটাল ড্রামার নাটক ‘মন দুনিয়া’। দ্রুততম সময়ে কোটি ভিউয়ের ঘরে পৌঁছে নাটকটি নতুন রেকর্ড গড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। মুক্তির পর থেকেই প্রেম, বন্ধুত্ব, অভিমান ও পারিবারিক টানাপড়েনের গল্পে দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে নাটকটি। ইমরাউল রাফাতের পরিচালনায় নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনী। এ ছাড়া অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শেহজাদ ওমর ও শিল্পী সরকার অপুসহ অনেকে। নাটকটি প্রযোজনা করেছেন আনোয়ারুল আলম সজল।নাটকের গল্পে বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আবিরের (তৌসিফ) সঙ্গে পরিচয় হয় সহপাঠী তুলির (তটিনী)। সেখান থেকে বন্ধুত্ব, পরে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। তবে বন্ধুত্বের টানাপড়েন, পরিবারের বিরোধিতা এবং বাবার দেওয়া শর্তে তাদের সম্পর্কে জটিলতা তৈরি হয়।আরও পড়ুন, জীবনের গল্প নিজেই লিখেছেন বলিউডের এই নারী একপর্যায়ে বিচ্ছেদ ঘটে দুজনের। দীর্ঘ দেড় বছরের বেশি সময়ের দূরত্ব ও অপেক্ষার পর গল্পে আসে পরিণতি। নাটকটির সাফল্য নিয়ে অভিনেতা তৌসিফ মাহবুব বলেন, একটি কাজ কত মানুষের কাছে পৌঁছেছে, তা বোঝার ক্ষেত্রে ভিউ গুরুত্বপূর্ণ। তবে শুধু ভিউ দিয়ে কোনো কাজের সাফল্য বিচার করা উচিত নয়। গল্প ও চরিত্র দর্শকের মনে কতটা জায়গা করে নিতে পেরেছে, সেটিই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, এ অর্জন উদ্যাপনের মতো হলেও এটি যেন আত্মতুষ্টির কারণ না হয়ে ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা হয়। দর্শক ও নাটকের পুরো দলের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি। নাটকটির জীবনঘনিষ্ঠ সংলাপ, বন্ধুত্বের বোঝাপড়া এবং পারিবারিক বাধার চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমেও দর্শকদের আলোচনায় এসেছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।