নিষেধাজ্ঞা শেষে মেঘনায় ফিরল ‘রাজা ইলিশ’ ঝাঁক : ২.৭ কেজির দুটি মাছ বিক্রি ১০ হাজার টাকায়
দুই মাসের নিষেধাজ্ঞা শেষে ভোলার মেঘনা নদীতে আবারও দেখা মিলছে বড় আকারের ইলিশের। শুক্রবার (১ মে) সন্ধ্যায় ভোলা সদর উপজেলার তুলাতুলি মাছঘাটে ধরা পড়েছে দুইটি ‘রাজা ইলিশ’, যার মোট ওজন প্রায় ২ কেজি ৭০০ গ্রাম।স্থানীয় জেলে ইউসুফ মাঝি জানান, নিয়মিত মাছ শিকারে গিয়ে মেঘনা নদীতে জাল ফেলতেই ধরা পড়ে বড় আকারের এই দুটি ইলিশসহ আরও কিছু ছোট মাছ। পরে মাছগুলো ঘাটে নিয়ে এলে বড় দুটি ইলিশ ১০ হাজার টাকায় বিক্রি করেন তিনি। পাশাপাশি ছোট ইলিশগুলো বিক্রি হয় আরও প্রায় ২৫ হাজার টাকায়।আরও পড়ুন ,জলোচ্ছ্বাসে ক্ষতি কাটাতে হাওর কৃষকদের স্বস্তি, ধান-চাল সংগ্রহ শুরু ৩ মে থেকেআড়তদার মো. মনজু ইসলাম জানান, সন্ধ্যায় ইউসুফ মাঝি ঘাটে বড় ইলিশসহ মোট মাছ নিয়ে আসেন। বাজার দর অনুযায়ী বড় দুটি ইলিশ ১০ হাজার টাকায় কিনে নেওয়া হয় এবং মোকামে এগুলো ১২ থেকে ১৪ হাজার টাকায় বিক্রি করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।এদিকে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, দুই মাস মাছ ধরা বন্ধ থাকায় নদীতে বড় ইলিশের উপস্থিতি বাড়ছে, যা ইঙ্গিত দিচ্ছে নিষেধাজ্ঞা কার্যক্রম সফল হয়েছে।মৎস্য বিশেষজ্ঞদের মতে, এই ধরনের নিষেধাজ্ঞা ইলিশের প্রজনন ও বৃদ্ধি প্রক্রিয়াকে শক্তিশালী করে, যার ইতিবাচক প্রভাব বাজারেও দেখা যাচ্ছে।