সাতক্ষীরা কারাগার থেকে পালানো দুই হাজতি গ্রেপ্তার দুই বছর পর
সাতক্ষীরা কারাগার থেকে পালিয়ে দীর্ঘদিন আত্মগোপনে থাকা দুই হাজতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রায় দুই বছর পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার দুজন হলেন—শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের মৃত মোহাম্মদ গাজীর ছেলে মোজাম গাজী, বয়স ৪৯ বছর এবং নওয়াবেঁকী গ্রামের আবের গাজীর ছেলে রফিকুল ইসলাম গাজী, বয়স ৩৮ বছর।পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টা ও সাড়ে ১০টার দিকে পৃথক অভিযান চালিয়ে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি এবং আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার মোজাম গাজী চেক ডিজঅনারের একটি মামলায় এক বছরের সাজায় সাতক্ষীরা কারাগারে ছিলেন।আরও পড়ুন. হিজলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বাল্যবিয়ে মাদক অপরাধ দমনে সামাজিক প্রতিরোধের ডাকআর রফিকুল ইসলাম গাজী একই ধরনের অপর একটি মামলায় ১০ মাসের সাজা ও ৯ লাখ ৮০ হাজার টাকা জরিমানা পেয়েছিলেন।পুলিশের ভাষ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর সাতক্ষীরা কারাগার ভাঙচুর ও লুটপাটের সুযোগে অন্যান্য বন্দীর সঙ্গে তারাও পালিয়ে যান। পরে নিজ নিজ গ্রামে ফিরে আত্মগোপনে থেকে কৌশলে জীবনযাপন করছিলেন।মঙ্গলবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করার পর তথ্য যাচাই করে জেল পলাতক হিসেবে শনাক্ত করে পুলিশ।শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, গ্রেপ্তার দুই আসামিকে বুধবার সকালে আদালতে সোপর্দ করা হবে। একইসঙ্গে পলাতক অন্য বন্দীদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।কারা কর্তৃপক্ষের তথ্যমতে, ২০২৪ সালের ৫ আগস্ট সাতক্ষীরা কারাগার থেকে পালিয়ে যাওয়া ৮৭ বন্দীর বিরুদ্ধে মামলা করা হয়েছিল। এর মধ্যে ৪৬ জন বিভিন্ন সময়ে আটক হলেও ৪১ জন দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন। সর্বশেষ দুইজনকে গ্রেপ্তারের মধ্য দিয়ে তাদের বিরুদ্ধে চলমান অভিযানে নতুন অগ্রগতি হয়েছে।