রাজধানীর নিউমার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটন হত্যা মামলায় শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলামের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (২৮ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিয়াদ হোসেন শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে পাঁচ দিনের রিমান্ড শেষে সুইডেন আসলামকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইরফান খান তাকে জিজ্ঞাসাবাদের জন্য নতুন করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন, ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত, হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং মামলার অন্য গ্রেপ্তার ও পলাতক আসামিদের অবস্থান শনাক্ত করতে সুইডেন আসলামকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। মামলার সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল রাত পৌনে ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন খন্দকার নাইম আহমেদ টিটন (৫৫)। এ ঘটনায় তার বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন। আরও পড়ুন, নৈরাজ্য প্রতিহতে রাজনৈতিক দলগুলোর ঐক্য চান হুইপ দুলুমামলার এজাহারে বলা হয়, গরুর হাটের ইজারা নিয়ে বিরোধের জেরে টিটনের সঙ্গে কয়েকজনের বিরোধ তৈরি হয়েছিল। ঘটনার আগের দিন ২৭ এপ্রিল টিটন তার বড় ভাইকে ফোন করে প্রতিপক্ষের সঙ্গে সমঝোতার কথা জানিয়েছিলেন। পরদিন মোটরসাইকেলে আসা দুই অস্ত্রধারীসহ কয়েকজন তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উল্লেখ্য, গত ২২ নভেম্বর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশের বাইরে যাওয়ার চেষ্টাকালে সুইডেন আসলামকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২৩ নভেম্বর আদালত তার প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।গোয়েন্দা সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, নব্বইয়ের দশকে ঢাকার অপরাধজগতের পরিচিত নাম সুইডেন আসলাম দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।