দৈনিক সংবাদ দিগন্ত

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছয় মহল্লায় তুমুল সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৩০

হবিগঞ্জের বানিয়াচংয়ে শিশু-কিশোরদের ফুটবল খেলাকে কেন্দ্র করে ছয় মহল্লার বাসিন্দাদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।রোববার রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার তোপখানা ও চাঁনপাড়া মহল্লার যৌথ ফুটবল মাঠসংলগ্ন এলাকায় এ সংঘর্ষ চলে।স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মাঠে প্রতিদিন শিশু-কিশোররা খেলাধুলা করে। রোববার বিকেলে মাঠে কে আগে এবং কে পরে খেলবে—এ নিয়ে দুই মহল্লার কিশোরদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়।পরে সন্ধ্যার পর এ ঘটনাকে কেন্দ্র করে দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত ৯টার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।আরও  পড়ুন, ধামরাইয়ে খাদ্যগুদামে খাদ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে জিরো টলারেন্সের কঠোর হুঁশিয়ারিএকপর্যায়ে তোপখানা মহল্লার পক্ষ নিয়ে আশপাশের আরও পাঁচ মহল্লার লোকজন সংঘর্ষে যোগ দেন। এতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে ছয় মহল্লার বাসিন্দাদের মধ্যে।স্থানীয়দের দাবি, রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে একে অপরের ওপর হামলা চালান সংঘর্ষে জড়িতরা। এতে নারী ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হন। সংঘর্ষ ঘিরে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর পেয়ে বানিয়াচং থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রায় দেড় ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাজমুল হক জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে শিশু-কিশোরদের বিরোধের জেরেই সংঘর্ষের সূত্রপাত। পরে বিষয়টি বড় আকার ধারণ করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছয় মহল্লায় তুমুল সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৩০