দৈনিক সংবাদ দিগন্ত

কারাগারে থাকা দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে নতুন মামলা

এবার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। তিনি আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দিলীপ আগরওয়ালাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. মাসুদূর রহমান। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করে জামিনের আবেদন করেন। আরও পড়ুন,ট্রাভেল পাস নয় বন্দি প্রত্যর্পণ চুক্তিতে ফেরানোর উদ্যোগউভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। মামলার অভিযোগে বলা হয়েছে, নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের ৩৫ থেকে ৪০ জন নেতা-কর্মী মহাখালী বাস টার্মিনালসংলগ্ন এলাকায় একটি মিছিলে অংশ নেন। এ সময় তারা আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে স্লোগান দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটান। এ ঘটনায় ২০২৬ সালের ১৮ জুন তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করা হয়। পুলিশের দাবি, এ ঘটনায় অর্থদাতা ও মদদদাতা হিসেবে দিলীপ আগরওয়ালার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যাচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে পলাতক সহযোগীদের পরিচয়, পরিকল্পনা এবং বিস্ফোরক সরবরাহের উৎস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।উল্লেখ্য, গত ১৯ অক্টোবর রাজধানীর বনানীর একটি বাসা থেকে দিলীপ আগরওয়ালাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর চোরাচালান ও অর্থপাচারের অভিযোগে করা মামলায় রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।পরে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থী আ. জব্বারকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় তাকে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়। ২৭ অক্টোবর রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয় তাকে। সর্বশেষ ২ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের একটি মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়।

কারাগারে থাকা দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে নতুন মামলা