দৈনিক সংবাদ দিগন্ত

মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা খেল ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে বিশাল ব্যবধানে ঐতিহাসিক জয় পেয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। কানসাস, টেক্সাস ও মিসিসিপির মতো দীর্ঘদিন ধরে রিপাবলিকানদের শক্তিশালী দুর্গ বলে পরিচিত অঙ্গরাজ্যগুলোতেও জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে ভোটারদের তীব্র উদ্বেগ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির প্রতি অসন্তোষ, দেশজুড়ে দলীয় সংগঠন সম্প্রসারণ এবং স্থানীয় পর্যায়ে জনপ্রিয় প্রার্থী বাছাইয়ের মতো সুচিন্তিত কৌশল এই সাফল্যের পেছনে প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করেছে। দীর্ঘকাল যেসব আসনে দলটির জয়ের সম্ভাবনা কম বলে ধরে নেওয়া হতো, এবার সেখানেও প্রার্থী দেওয়ার সাহসী সিদ্ধান্ত নেয় ডেমোক্র্যাটরা। যার সফল উদাহরণ দেখা গেছে মিসিসিপি ও কানসাসের মতো অঙ্গরাজ্যে। সিনেটে সংখ্যালঘু দলের নেতা চাক শুমারের উদ্যোগে মিসিসিপিতে পাবলিক প্রসিকিউটর স্কট কলোমকে প্রার্থী করা হয়। সর্বশেষ গণনা অনুযায়ী এগিয়ে থাকা কলোম এই ব্যবধান ধরে রাখতে পারলে গৃহযুদ্ধ-পরবর্তী পুনর্গঠন যুগের পর রাজ্যটি থেকে প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর হওয়ার গৌরব অর্জন করবেন। একইভাবে কানসাসে ১৯৩২ সালের পর সিনেট নির্বাচনে জয় পেয়ে দীর্ঘ খরা কাটিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী অ্যাডাম হ্যামিলটন।আরও পড়ুন,নেতানিয়াহুর বিকল্প সরকার গঠনে জটিল সমীকরণ এবারের নির্বাচনে ডেমোক্র্যাটদের কৌশলের মূল ভিত্তি ছিল কেবল কয়েকটি দোদুল্যমান অঙ্গরাজ্যে সীমাবদ্ধ না থেকে সারা দেশের ৫৭টি অঙ্গরাজ্য ও আঞ্চলিক সংস্থায় দলীয় কার্যক্রম জোরদার করা। পাশাপাশি, প্রচারণায় শুধু প্রেসিডেন্ট ট্রাম্পকে ব্যক্তিগতভাবে লক্ষ্যবস্তু না বানিয়ে সাধারণ মানুষের দৈনন্দিন অর্থনৈতিক সংকট, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং স্বাস্থ্যসেবা খাতের ভর্তুকি হ্রাসের মতো বিষয়গুলোকে সামনে নিয়ে আসেন প্রার্থীরা। বিদেশি পণ্যের ওপর ট্রাম্পের শুল্কনীতি এবং জ্বালানির দাম বৃদ্ধির ফলে সৃষ্ট জনঅসন্তোষকে নিজেদের পক্ষে সফলভাবে কাজে লাগাতে পেরেছে দলটি। নির্বাচনে এই অপ্রত্যাশিত পরাজয়ের পর হোয়াইট হাউস ও রিপাবলিকান শিবিরের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা গেছে। বিশ্লেষকদের মতে, ভোটারদের প্রকৃত মনোভাব বুঝতে ব্যর্থ হওয়া এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট সমাধানে অমনোযোগী হওয়াই রিপাবলিকানদের এই বিপর্যয়ের প্রধান কারণ। নতুন এলাকায় সংগঠন গড়ে তোলা এবং জনদুর্ভোগকে কেন্দ্র করে গড়ে ওঠা ডেমোক্র্যাটদের এই রাজনৈতিক কৌশল ভবিষ্যতের নির্বাচনেও বড় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা খেল ট্রাম্প প্রশাসন