দৈনিক সংবাদ দিগন্ত

জলাতঙ্ক প্রতিরোধে পথকুকুর-বিড়ালকে গণহারে টিকা পুশ করেছে কসবা পৌরসভা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরএলাকায় পথকুকুর ও বিড়ালের জলাতঙ্ক (রেবিস) প্রতিরোধে গণহারে টিকা প্রদান করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে কসবা পৌরসভার উদ্যোগে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সহযোগিতায় পৌর এলাকার পথে-প্রান্তরে ঘুরে বেড়ানো বেওয়ারিশ কুকুর-বিড়ালকে জলাতঙ্ক প্রতিষেধক টিকা দেয়া হয়। কর্মসূচির শুভ উদ্বোধন করেন কসবা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম।এ সময় উপজেলা প্রাণিসম্পদ অফিসার ড. সোহেল রানা, পৌরসভা ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।পৌরসভা ও উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা যায়, বাংলাদেশে জলাতঙ্ক রোগ এখন একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। আক্রান্ত প্রাণীর কামড়ের মাধ্যমে এ রোগ মানুষের শরীরে ছড়িয়ে পড়ে এবং সময়মতো চিকিৎসা না নিলে মৃত্যুঝুঁকি তৈরি হয়। তাই পথপ্রাণীদের টিকাদান কর্মসূচি জলাতঙ্ক নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে বলেই বেওয়ারিশ কুকুর-বিড়ালের দেহে এই টিকা পুশ করা হয়েছে। গণটিকাদান কর্মসূচির আওতায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ এলাকায় ঘুরে ঘুরে পথকুকুর ও বিড়ালকে জলাতঙ্ক প্রতিরোধক টিকা প্রদান করা হয়।আরও  পড়ুন, কাশিয়ানীতে ৮ কেজি গাঁজাসহ দুই নারী আটক প্রশিক্ষিত টিকাদান কর্মীরা নিরাপদ পদ্ধতিতে প্রাণীগুলোকে টিকা প্রদান করেন। এতে স্থানীয় বাসিন্দারাও সহযোগিতায় এগিয়ে আসেন। টিকাদান কর্মসূচি বাস্তবায়নে কসবা পৌরসভার পাশাপাশি কারিগরি সহযোগিতা প্রদান করে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।উপজেলা নির্বাহী অফিসার ও কসবা পৌর প্রশাসক মো: ছামিউল ইসলাম বলেন, জলাতঙ্ক একটি অত্যন্ত প্রাণঘাতী রোগ, যা মানুষ ও প্রাণী উভয়ের জন্যই মারাত্মক ঝুঁকিপূর্ণ। জনস্বাস্থ্য সুরক্ষা, প্রাণিসম্পদের নিরাপত্তা এবং জলাতঙ্কমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কসবা পৌরসভার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।পথপ্রাণীদের নিয়মিত টিকাদানের মাধ্যমে এ রোগের বিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব। তিনি জনস্বার্থে এ ধরনের কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন।প্রাণী ও মানুষের সহাবস্থান নিশ্চিত করতে এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত নগর পরিবেশ গড়ে তুলতে কসবা পৌরসভার উদ্যোগে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি পথপ্রাণীদের প্রতি মানবিক আচরণ এবং সচেতনতা বৃদ্ধির জন্যও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে বলে উপজেলা নির্বাহী অফিসার জানান।

জলাতঙ্ক প্রতিরোধে পথকুকুর-বিড়ালকে গণহারে টিকা পুশ করেছে কসবা পৌরসভা