বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে গুলিবর্ষণের ঘটনার তদন্তে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে মুম্বাই পুলিশ। তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, হামলাকারীদের মূল লক্ষ্য বলিউড সুপারস্টার সালমান খান হলেও কঠোর নিরাপত্তার কারণে পরিকল্পনা বদল করে টাইগার শ্রফকে নিশানা করা হয়। গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহু এলাকায় ফুটবল খেলে ফেরার পথে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। এ ঘটনায় টাইগার অক্ষত থাকলেও তাঁর চালক ও এক অটোরিকশাচালক আহত হন। পুলিশ এ পর্যন্ত ভারতে একাধিক রাজ্যে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে সন্দেহভাজন তিন হামলাকারী রেহান আনসারি, ফুল সিং ও ঋত্বিককে ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তে জানা গেছে, হামলাকারীরা মুম্বাইয়ে এসে প্রথমে সালমান খানের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের আশপাশে যান। কিন্তু সেখানে পুলিশের ভারী নিরাপত্তা ও সশস্ত্র পাহারার কড়াকড়ি দেখে তাঁরা পিছু হটেন। আরোও পড়ুন,নেটফ্লিক্সে জনপ্রিয় ‘বেবি ডু ডাই ডু’এরপর সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ভিডিওর মাধ্যমে তাঁরা জানতে পারেন অভিনেতা টাইগার শ্রফ নিয়মিত জুহুর একটি মাঠে ফুটবল খেলেন এবং সেখানে তুলনামূলক কম নিরাপত্তা থাকে। হামলার অন্তত ১০ দিন আগে থেকেই ওই মাঠের আশপাশে নজরদারি চালানো হয়েছিল। তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যে, সন্দেহভাজন ব্যক্তিরা সালমান খান ছাড়াও আমির খান ও রণবীর সিংয়ের বাড়ির আশপাশেও ঘোরাঘুরি করেছিলেন। তারা গুগলে তারকাদের ঠিকানা সার্চ করে বিভিন্ন এলাকায় যাতায়াত করতেন। এদিকে, অস্ত্র সরবরাহ ও অর্থ লেনদেনের একটি চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। অমৃতসর থেকে অস্ত্র সংগ্রহ করে তা দিল্লিতে হয়ে দুই নারীর মাধ্যমে মুম্বাইতে পাঠানো হয়েছিল। এছাড়া হামলা বাস্তবায়নের জন্য প্রায় দুই লাখ রুপি লেনদেন এবং পুরোনো মোটরসাইকেল কেনার তথ্যও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সাম্প্রতিক সময়ে রোহিত শেঠির বাড়িতে হামলা এবং রণবীর সিংকে হুমকির ঘটনার সঙ্গে এই হামলার কোনো যোগসূত্র আছে কি না, তা নিয়েও কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।