১২ অঞ্চলে ঘণ্টায় ৮০ কিমি বেগে ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর নৌ হুঁশিয়ারি
দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।সোমবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।আরও পড়ুন , বর্ষার শুরুতেই ডেঙ্গুর নতুন হটস্পট ১৪ জেলা, ভয়াবহ ঝুঁকির সতর্কতা এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে পুনরায় ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলেও ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আজ সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারি বর্ষণেরও আশঙ্কা রয়েছে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।