জুলাই আন্দোলনে হত্যাচেষ্টার মামলায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মুর্শিদুল আলম এ আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম রিমান্ড আবেদনের শুনানির জন্য আগামী বুধবার (২৫ নভেম্বর) দিন ধার্য করেছেন। প্রসিকিউশন বিভাগের এসআই কামাল উদ্দীন এ তথ্য জানিয়েছেন। রিমান্ড আবেদনে পুলিশ পাঁচটি কারণ উল্লেখ করেছে। এর মধ্যে রয়েছে, মামলার এজাহারনামীয় পলাতক আসামিদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা সংগ্রহ ও অবস্থান শনাক্ত করা। সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তি ও আসামিদের ভূমিকা, পারস্পরিক যোগাযোগ এবং ঘটনার আগে ও পরের কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহ করা। এ ছাড়া মামলার প্রকৃত ঘটনা উদঘাটন, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আগ্নেয়াস্ত্র ও অন্যান্য আলামতের বিষয়ে তথ্য সংগ্রহ এবং সেগুলো উদ্ধারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে। আবেদনে জ্যোতিকা জ্যোতির কথিত সংশ্লিষ্টতা যাচাই, সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ, প্রাসঙ্গিক তথ্য ও নথিপত্রের সত্যতা যাচাইয়ের বিষয়টিও তুলে ধরেছে পুলিশ। পাশাপাশি ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অর্থের জোগান, যোগাযোগ ও সমন্বয়ের বিষয়ে এজাহারে আনা অভিযোগ যাচাই এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নির্ধারণের কথা বলা হয়েছে।আরও পড়ুন, জলবায়ু বিনিয়োগ ও রোহিঙ্গা সংকটে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশএর আগে গত ১৮ নভেম্বর রাতে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসা থেকে জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জুলাই আন্দোলনে এনামুল হক নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়। মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই ভাটারা থানার সামনে আন্দোলনকারীরা অবস্থান নিলে তাঁদের ওপর গুলি চালানো হয়। এতে এনামুল হকের পায়ে গুলি লাগে। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করে ঢাকার আদালতে মামলা করেন এনামুল হক। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়। মামলায় অভিনেত্রী অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, সোহানা সাবা, অভিনেতা জায়েদ খান ও জ্যোতিকা জ্যোতিকেও আসামি করা হয়েছে। মামলার এজাহারে এসব অভিনয়শিল্পীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া এবং আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে অভিযোগ আনা হয়েছে। তবে এসব অভিযোগের বিচারিক সত্যতা এখনো আদালতে প্রমাণিত হয়নি। মামলার তথ্য অনুযায়ী, জ্যোতিকা জ্যোতি এজাহারের ২১৬ নম্বর আসামি। এ মামলায় অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া ও সোহানা সাবা জামিনে রয়েছেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।