গুরুত্বপূর্ণ কোনো নতুন চুক্তি ছাড়াই শেষ হয়েছে তুরস্কের আন্তালিয়ায় আয়োজিত জাতিসংঘের বৈশ্বিক জলবায়ু সম্মেলন কপ-৩১। জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধের রূপরেখা এবং জলবায়ু অর্থায়ন নিয়ে অংশগ্রহণকারী দেশগুলোর গভীর মতবিরোধের কারণে শেষ পর্যন্ত কোনো কার্যকর সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। দুই সপ্তাহের আলোচনা শেষে গত শুক্রবার সম্মেলন শেষ হওয়ার কথা থাকলেও সমঝোতার চেষ্টা চলে রোববার পর্যন্ত। এর মধ্য দিয়ে জাতিসংঘের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ জলবায়ু সম্মেলনে পরিণত হয়েছে এবারের আয়োজন। সম্মেলনে সৌদি আরব, রাশিয়া ও ভারতসহ কয়েকটি দেশ চূড়ান্ত খসড়ায় জীবাশ্ম জ্বালানির উল্লেখ রাখার বিরোধিতা করে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলো জীবাশ্ম জ্বালানির উল্লেখ বাদ দেওয়ায় খসড়াটি প্রত্যাখ্যান করে।এর আগে গত সোমবার প্রকাশিত প্রথম খসড়ায় জীবাশ্ম জ্বালানি শব্দবন্ধটি ছয়বার উল্লেখ করা হয়েছিল। তবে তেল উৎপাদনকারী দেশগুলোর আপত্তির মুখে রোববার ভোরে উপস্থাপিত চূড়ান্ত খসড়ায় কয়লা, তেল ও গ্যাসের সরাসরি কোনো উল্লেখ রাখা হয়নি। শুধু ২০২৩ সালের কপ-২৮ সম্মেলনে গৃহীত একটি সিদ্ধান্তের পরোক্ষ উল্লেখ করা হয়। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি হিসেবে অংশ নেওয়া আয়ারল্যান্ডের মন্ত্রী ডারা ও’ব্রায়েন বলেন, জীবাশ্ম জ্বালানির কোনো উল্লেখ নেই এমন জলবায়ু চুক্তি মেনে নেওয়া সম্ভব নয়। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর প্রতিনিধিরাও সম্মেলনের ফলাফল নিয়ে হতাশা প্রকাশ করেন। আরও পড়ুন, নতুন বছর ঘিরে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনাঅন্যদিকে সৌদি আরবের প্রতিনিধি মোহাম্মদ আইয়ুব দাবি করেন, ঐতিহাসিকভাবে গ্রিনহাউস গ্যাসের মোট নিঃসরণে আরব দেশগুলোর অবদান সামান্য। এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সম্মেলনের ফলাফলে গভীর হতাশা প্রকাশ করেছেন। দায়িত্ব ছাড়ার আগে এটিই তাঁর শেষ কপ সম্মেলন। জীবাশ্ম জ্বালানিসংশ্লিষ্ট প্রভাবশালী মহলের সমালোচনা করে তিনি বলেন, এসব গোষ্ঠী বড় তামাক কোম্পানির মতো বিজ্ঞানকে বিকৃত করছে, নীতিনির্ধারণে বিলম্ব ঘটাচ্ছে এবং কার্যকর পদক্ষেপে বাধা দিচ্ছে। অথচ তাদের বিপুল মুনাফার মূল্য দিতে হচ্ছে বিশ্বের সাধারণ মানুষকে। আফ্রিকান দেশগুলোর আলোচকগোষ্ঠীর চেয়ারম্যানের মতে, জীবাশ্ম জ্বালানি নিয়ে বিতর্কের কারণে উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু অভিযোজনের অর্থায়নের বিষয়টি গুরুত্ব হারিয়েছে। অথচ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দরিদ্র দেশগুলোর জন্য এই অর্থ অত্যন্ত জরুরি। ২০০৯ সালে ডেনমার্কের কোপেনহেগেন সম্মেলনের পর এই প্রথম কপ সম্মেলনের মূল রাজনৈতিক সমঝোতা ভেস্তে গেল।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।