ইউরোপজুড়ে সামরিক আগ্রাসন বন্ধ করে ইউক্রেন যুদ্ধের দ্রুত অবসানে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর বিশ্বাস, পুতিন আগ্রাসন বন্ধ করলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্রুত সমঝোতা সম্ভব। গত বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ কথা জানান। তিনি বলেন, গত সপ্তাহে চীনে পুতিনের সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন। ট্রাম্পের ভাষ্য, ইউরোপজুড়ে সব ধরনের সামরিক আগ্রাসন বন্ধ করা হলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্রুত একটি চুক্তি করা সম্ভব হবে। ট্রাম্প আরও বলেন, যুদ্ধের অবসানের জোরালো সম্ভাবনা রয়েছে। প্রতি মাসে হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছেন উল্লেখ করে তিনি সংঘাতটিকে ব্যাপক রক্তক্ষয়ী বলে মন্তব্য করেন। তবে পুতিনকে ঠিক কোন ধরনের সামরিক কর্মকাণ্ড বন্ধ করতে বলেছেন, তা স্পষ্ট করেননি ট্রাম্প। আরও পড়ুন,মিসরের মহাসড়কে ট্যাংকার দুর্ঘটনা, আহত ২১তাঁর বক্তব্যে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের বাইরেও ইউরোপের বিভিন্ন এলাকায় রাশিয়ার কর্মকাণ্ড বন্ধের ইঙ্গিত পাওয়া গেছে। ২০২২ সালে ইউক্রেনে সর্বাত্মক অভিযান শুরুর পর থেকে ইউরোপের কয়েকটি দেশ মস্কোর বিরুদ্ধে বিভিন্ন ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলেছে। ট্রাম্প মনে করেন, পুতিন একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। তবে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে তীব্র বৈরিতাকে আলোচনার বড় বাধা হিসেবে দেখছেন তিনি। ফ্লোরিডার পাম বিচে সাংবাদিকদের ট্রাম্প বলেন, দুই নেতার পারস্পরিক ঘৃণাই সমাধানের পথে বড় প্রতিবন্ধকতা। আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর ফ্লোরিডায় অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে পুতিন অংশ নেবেন কি না, তা নিশ্চিত নন ট্রাম্প। তবে নিজের ইচ্ছার কথা জানিয়ে তিনি বলেন, সম্মেলনে পুতিনকে দেখতে চান। গত সপ্তাহে চীনের শেনজেনে এপেক শীর্ষ সম্মেলনের ফাঁকে পুতিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ ও বৃহত্তর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কূটনৈতিক তৎপরতার অংশ ছিল ওই আলোচনা।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।