হলিউডের কিংবদন্তি অভিনেত্রী মেরিলিন মনরোর জন্মশতবর্ষ উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুরু হয়েছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। ‘মেরিলিন মনরো সেন্টেনিয়াল: ফটোগ্রাফস বাই লরেন্স শিলার’ শীর্ষক এ আয়োজনে স্থান পেয়েছে অভিনেত্রীর জীবনের নানা মুহূর্তের ৩৬টি আলোকচিত্র। ছবিগুলো তুলেছিলেন আলোকচিত্রী লরেন্স শিলার।মেরিলিন মনরোর সঙ্গে কাজ করা পেশাদার আলোকচিত্রীদের মধ্যে বর্তমানে জীবিত একমাত্র ব্যক্তি লরেন্স শিলার। ১৯৬২ সালের ৪ আগস্ট, মৃত্যুর দিন সকালে মনরোর সঙ্গে তাঁর দেখা হয়েছিল। সেদিন আসন্ন একটি ফটোশুট নিয়ে ৩৬ বছর বয়সী অভিনেত্রীর সঙ্গে আলোচনা করেন তিনি। এর কিছুক্ষণ পরই মনরোর মৃত্যুর খবর পান শিলার। পরে এই অভিনেত্রীকে নিয়ে বইও প্রকাশ করেন তিনি। প্রদর্শনীতে শিলারের তোলা ছবির পাশাপাশি থাকবে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা ও স্মৃতিচারণা। এতে পর্দার গ্ল্যামারাস উপস্থিতির বাইরেও মনরোর ব্যক্তিজীবন, শিল্পীসত্তা এবং নিজের ক্যারিয়ার নিয়ে সচেতনতার নানা দিক উঠে আসবে। প্রদর্শনীর অন্যতম আকর্ষণ ‘সামথিংস গট টু গিভ’ চলচ্চিত্রের শুটিংয়ের সময় তোলা আলোচিত ছবিগুলো। বন্ধ সেটে ওই সিনেমার একটি দৃশ্য ধারণের সময় সুইমিংপুলে নগ্ন অবস্থায় ভেসে ওঠেন মনরো। আরও পড়ুন, সেরা ৩০-এ জায়গা না পেয়ে সমর্থকদের কাছে মাহির দুঃখ প্রকাশসেই মুহূর্তের ছবি তোলেন শিলার। পরবর্তী সময়ে ছবিগুলো বিশ্বের ৩০টির বেশি দেশের সাময়িকীর প্রচ্ছদে প্রকাশিত হয়। ‘লাইফ’ সাময়িকীর প্রচ্ছদেও স্থান পায় এসব ছবি। নিউইয়র্ক হিস্টোরিক্যালের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. লুইস মিরা জানান, প্রদর্শনীতে মনরোর ১৬ বছরের অভিনয়জীবনের নানা দিক তুলে ধরা হয়েছে। হলিউডে ৩০টি চলচ্চিত্রে অভিনয় করা এই তারকার সিরিয়াস অভিনেত্রী হিসেবে স্বীকৃতি পাওয়ার চেষ্টা, অভিনয় প্রশিক্ষক লি স্ট্রাসবার্গ ও পলা স্ট্রাসবার্গের সঙ্গে সম্পর্ক এবং নিজের ক্যারিয়ারের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সংগ্রামও এতে স্থান পেয়েছে। লুইস মিরার ভাষ্য, মেরিলিন মনরো শুধু একজন গ্ল্যামারাস চলচ্চিত্র তারকা ছিলেন না; নিজের গল্প বলার ক্ষেত্রেও তিনি ছিলেন শক্তিশালী। বৈষম্য ও শোষণের অভিজ্ঞতার মধ্যেও তাঁর মানসিক দৃঢ়তা, বুদ্ধিমত্তা ও ক্যামেরার সামনে নিজেকে উপস্থাপনের দক্ষতা ছিল উল্লেখযোগ্য। ১৯২৬ সালের ১ জুন জন্ম নেওয়া মনরোর শতবর্ষ উপলক্ষে ২০ নভেম্বর ২০২৬ থেকে ২৮ মার্চ ২০২৭ পর্যন্ত নিউইয়র্ক হিস্টোরিক্যালে প্রদর্শনীটি চলবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।