শৃঙ্খলা ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব, সাতক্ষীরায় মাস্টার প্যারেড ও কল্যাণ সভা
পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও মনোবল বৃদ্ধির পাশাপাশি জনসাধারণকে মানবিক ও মানসম্মত সেবা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। তিনি বলেছেন, পুলিশের ভাবমূর্তি সমুন্নত রাখা এবং স্মার্ট পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে শৃঙ্খলা মেনে চলার বিকল্প নেই।সোমবার (১২ অক্টোবর ২০২৬) সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলসেডে জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভায় তিনি এসব নির্দেশনা দেন।সকালে অনুষ্ঠিত সাপ্তাহিক মাস্টার প্যারেডে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। এ সময় তিনি মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের প্যারেড দক্ষতা, শারীরিক ফিটনেস ও পোশাক-পরিচ্ছদের মান মূল্যায়ন করেন। দক্ষতা ও শৃঙ্খলার ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন এবং প্যারেডের সার্বিক মানে সন্তোষ প্রকাশ করেন।প্যারেডে পুলিশ সদস্যদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, মাস্টার প্যারেড পুলিশের শৃঙ্খলা ও পেশাগত প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন আচরণ থেকে সবাইকে বিরত থাকতে হবে। ড্রেসরুলস অনুসরণ, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।তিনি সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবহার ও সংরক্ষণ, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সচেতন থাকার ওপরও গুরুত্ব দেন। একই সঙ্গে জনসাধারণের সঙ্গে উত্তম ব্যবহার ও মানবিক আচরণের মাধ্যমে পুলিশি সেবা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।মাস্টার প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) মোঃ বায়েজীদ ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ আখতারুজ্জামান, বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা।আরও পড়ুন, রাজবাড়ীতে ৩০ হাজার পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, ট্রাক জব্দমাস্টার প্যারেড শেষে একই স্থানে সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী বিগত মাসের সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করেন এবং চলতি মাসে পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদন ও সমস্যার বিষয়গুলো উপস্থাপন করেন।পুলিশ সুপার বিভিন্ন পদমর্যাদার সদস্যদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। অধিকাংশ সমস্যার তাৎক্ষণিক সমাধান করেন এবং অবশিষ্ট সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি সার্ভিস রুলস অনুসরণ করে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য কর্মকর্তা ও সদস্যদের নির্দেশনা দেন।কল্যাণ সভায় পুলিশ সদস্যদের মেসে উন্নতমানের খাবার পরিবেশন, পোশাকবিধি অনুসরণ, ছুটি, স্বাস্থ্য সচেতনতা, ব্যক্তিগত ও আবাসস্থলের পরিচ্ছন্নতা এবং বিদ্যুতের সঠিক ব্যবহারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। জনসাধারণের সঙ্গে সৌজন্যপূর্ণ ও মানবিক আচরণের মাধ্যমে পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়ানোর আহ্বান জানান পুলিশ সুপার।সভায় নির্দিষ্ট ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের হাতে নগদ অর্থ ও সনদপত্র তুলে দেন তিনি।কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) মোঃ বায়েজীদ ইসলাম, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ আখতারুজ্জামান, সাতক্ষীরা পুলিশ হাসপাতালের চিকিৎসক ডাঃ আবু হোসেন, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, টিআই (অ্যাডমিন), কোর্ট ইন্সপেক্টরসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা।মাস্টার প্যারেড ও কল্যাণ সভার মাধ্যমে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা, কল্যাণ এবং জনসেবার মানোন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পায়। দায়িত্ব পালনে জবাবদিহিতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপরও গুরুত্বারোপ করা হয়।