চরিত্রের প্রয়োজনে তারকারা কত কিছুই না করেন! কেউ ওজন বাড়ান, কেউ কমান, আবার কেউ বদলে ফেলেন নিজের চেহারা। তবে বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ অভিনয়ের জন্য যা করেছিলেন, তা সত্যিই অবাক করার মতো।সম্প্রতি ‘দ্য কপিল শর্মা শো’-তে এসে নাসিরুদ্দিন শাহের সেই পুরোনো ঘটনার কথা স্মরণ করেন অভিনেতা গুলশান গ্রোভার। ক্যারিয়ারের শুরুর দিকে এই ঘটনা শুনে তিনি নিজেও বিস্মিত হয়েছিলেন বলে জানান।১৯৮১ সালে মুক্তি পাওয়া ‘চক্র’ সিনেমায় এক অপরাধীর চরিত্রে অভিনয় করেছিলেন নাসিরুদ্দিন শাহ। চরিত্রটিকে আরও বাস্তব ও বিশ্বাসযোগ্য করে তুলতে প্রায় দেড় থেকে দুই মাস গোসল না করেই ছিলেন এই অভিনেতা—এমনটাই জানান গুলশান গ্রোভার।নিজে দিনে দুই থেকে চারবার গোসল করেন উল্লেখ করে গ্রোভার রসিকতা করে বলেন, নাসিরুদ্দিন শাহের এমন অভিনয়-নিষ্ঠার ধারেকাছেও তিনি কখনো যেতে পারবেন না।নিজের অভিনীত চরিত্রগুলোর প্রসঙ্গ টেনে গুলশান গ্রোভার আরও বলেন, ভাগ্য ভালো যে তাকে এমন সব চরিত্রে অভিনয়ের সুযোগ দেওয়া হয়েছে, যেখানে স্যুট পরে হাতে পানীয় নিয়ে থাকলেই চলে!রবীন্দ্র ধর্মরাজ পরিচালিত ‘চক্র’ সিনেমায় নাসিরুদ্দিন শাহের সঙ্গে অভিনয় করেছিলেন স্মিতা পাতিল ও কুলভূষণ খরবন্দা। মুম্বাইয়ের বস্তিজীবনকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটিতে উঠে এসেছিল দারিদ্র্য, অপরাধ এবং টিকে থাকার কঠিন সংগ্রামের গল্প।চরিত্রের বাস্তবতা ফুটিয়ে তুলতে নাসিরুদ্দিন শাহের এমন প্রস্তুতি পরবর্তী সময়ে তার অভিনয়-নিষ্ঠার অন্যতম আলোচিত উদাহরণ হয়ে ওঠে।কয়েক দশক পেরিয়ে গেলেও অভিনয় জগতে এখনো সক্রিয় নাসিরুদ্দিন শাহ। সাম্প্রতিক সময়ে ‘আসি’ ছবিতে দেখা গেছে তাকে। এছাড়া ২০২৬ সালে মুক্তি পাওয়া ইমতিয়াজ আলীর ‘ম্যায় ভাপাস আউঙ্গা’ ছবিতেও অভিনয় করেছেন তিনি।অন্যদিকে কাজল ও প্রভু দেবার সঙ্গে তার অভিনীত অ্যাকশন-থ্রিলার ‘মহারাগ্নি: কুইন অফ কুইন্স’ ছবিটিও মুক্তির অপেক্ষায় রয়েছে।