দৈনিক সংবাদ দিগন্ত

জাতিসংঘে প্রথম দিনেই ১০ কর্মসূচিতে তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে গিয়ে প্রথম দিনেই ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব কর্মসূচিতে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় কূটনীতি, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট এবং উন্নয়ন অংশীদারত্বের বিষয় গুরুত্ব পেয়েছে।প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন মঙ্গলবার রাতে নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, প্রথম দিনের কর্মসূচির মধ্য দিয়ে সরকারের ‘৩৬০ ডিগ্রি কূটনৈতিক ও অর্থনৈতিক কৌশল’ প্রতিফলিত হয়েছে।দিনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া প্রাতঃরাশে অংশ নেন। পরে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন।এরপর ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ হুসেইন মোহামেদ লতিফ, হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ের ফিলস-আইমে এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেন। এসব আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা ও অভিন্ন স্বার্থের বিষয় উঠে আসে।আরও  পড়ুন, হামে বাড়ছে মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১১ জনেররোহিঙ্গা সংকট নিয়েও প্রথম দিনেই পৃথক বৈঠক করেন প্রধানমন্ত্রী। জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপ ও জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।এ ছাড়া বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। বিশ্বব্যাংকের পক্ষ থেকে জ্বালানি ও সরবরাহব্যবস্থাজনিত অর্থনৈতিক চাপ মোকাবিলা এবং তরুণ উদ্যোক্তা ও কর্মসংস্থান কর্মসূচিতে সহায়তার বিষয়ে আগ্রহের কথা জানানো হয়েছে।প্রথম দিনে নির্ধারিত ১২টি কর্মসূচির মধ্যে সময়স্বল্পতার কারণে ইউরোপীয় কাউন্সিল ও মেটার সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সরাসরি অংশ নিতে পারেননি। তবে মেটার সঙ্গে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বৈঠক করেছে।আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের পক্ষে ভাষণ দেওয়ার কথা রয়েছে।

জাতিসংঘে প্রথম দিনেই ১০ কর্মসূচিতে তারেক রহমান