‘হাসিনা তুই দেশে আয়, দেখি তোরে কে বাঁচায়’ এমন স্লোগান দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন ও ভার্চুয়াল বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়ার মধ্যে শনিবার (১৪ নভেম্বর) রাজধানীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে যুবদল। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আয়োজিত মিছিলে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হওয়া মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলের শেষ পর্যায়ে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন ওই স্লোগান দেন। পরে স্লোগানটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আলোচনা এবং তাঁর ভার্চুয়াল বক্তব্যের প্রেক্ষাপটে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এর ধারাবাহিকতায় যুবদল নেতা নয়নসহ অনেকে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিচ্ছেন।আরও পড়ুন,রাষ্ট্রদ্রোহ মামলায় পুলিশের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার মিছিল শেষে রুহুল কবির রিজভী বলেন, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ড করে যুবদল এবং বিএনপির অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ভয় দেখানো যাবে না। গুম, খুন ও নানা নিপীড়নের মধ্যেও তাঁরা লড়াই করেছেন বলে মন্তব্য করেন তিনি। রিজভী আরও বলেন, রবিউল ইসলাম নয়নও বিভিন্ন সময়ে অত্যাচার ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। তারপরও তাঁদের মাথা নত করানো যায়নি। এদিকে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সরকারের উদ্বেগ নেই বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। তাঁর মন্তব্য, শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী তাঁর বিচারপ্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ তৈরি হবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।