দৈনিক সংবাদ দিগন্ত

নাভিয়েরের গল্পে মুগ্ধ দর্শক, ৫০ দেশে শীর্ষে সিরিজ

মুক্তির মাত্র তিন দিনের মধ্যেই দর্শকসংখ্যায় রেকর্ড গড়েছে দক্ষিণ কোরিয়ার ফ্যান্টাসি-রোমান্টিক সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস’। ডিজনি প্লাস ও হুলুতে মুক্তি পাওয়া সিরিজটি দুই প্ল্যাটফর্মের অরিজিনাল কনটেন্টের মধ্যে সবচেয়ে বেশি দর্শক পাওয়া সিরিজের স্বীকৃতি পেয়েছে। পাশাপাশি ৫০টির বেশি দেশে কোরিয়ান সিরিজের তালিকায় শীর্ষস্থান দখল করেছে এটি। ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, ৩ নভেম্বর মুক্তির পর প্রথম তিন দিনের দর্শকসংখ্যার ভিত্তিতে এ রেকর্ড গড়ে সিরিজটি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, মেক্সিকো, চিলি, ফ্রান্স, স্পেন, জার্মানি, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডসহ ৫০টির বেশি দেশের বাজারে সিরিজটি শীর্ষে রয়েছে। সিরিজটি ৪ নভেম্বর মুক্তির কথা থাকলেও দর্শকদের আগ্রহের কারণে নির্ধারিত সময়ের এক দিন আগেই এটি প্রকাশ করে ডিজনি প্লাস। দ্য রিম্যারিড এমপ্রেস’ তৈরি হয়েছে ন্যাভার ওয়েবটুনের জনপ্রিয় একই নামের কমিক সিরিজ অবলম্বনে। গল্পের কেন্দ্রে রয়েছেন পূর্ব সাম্রাজ্যের সম্রাজ্ঞী নাভিয়ের ও সম্রাট সোভিয়েশু। দাম্পত্য সম্পর্কে দূরত্ব তৈরি হওয়ার পর সম্রাট পালিয়ে আসা দাসী রাশতার প্রেমে পড়েন। তাকে নিজের জীবনে প্রতিষ্ঠিত করতে গিয়ে নানা সিদ্ধান্ত নেন তিনি।আরও পড়ুন, দুই দিনে কোটি দর্শক দেখলেন ‘মন দুনিয়া’কিন্তু আত্মসম্মান বিসর্জন দিতে রাজি নন নাভিয়ের। সম্রাটের সঙ্গে বিচ্ছেদে সম্মতি দিলেও তিনি একটি শর্ত দেন—পশ্চিম রাজ্যের যুবরাজ হেইনরিকে বিয়ে করার স্বাধীনতা দিতে হবে তাঁকে। এরপর নাভিয়েরের সিদ্ধান্ত ঘিরে দুই সাম্রাজ্যের রাজনৈতিক ও ব্যক্তিগত সম্পর্কে নতুন জটিলতা তৈরি হয়। নিজের ক্ষমতা ও মর্যাদা ফিরে পেতে লড়াই শুরু করেন তিনি। সিরিজে সম্রাজ্ঞী নাভিয়ের চরিত্রে অভিনয় করেছেন শিন মিন আ। সম্রাট সোভিয়েশুর ভূমিকায় জু জি হুন, হেইনরি চরিত্রে লি জং সুক এবং রাশতার চরিত্রে রয়েছেন লি সে ইয়ং। সিরিজটি পরিচালনা করেছেন চো সু ওন। চিত্রনাট্য লিখেছেন ইয়েও জিনা ও হিউন চুংইওল। মুক্তির আগেই সিরিজটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ প্রিভিউ প্রদর্শনীর সব টিকিট বিক্রি হয়ে যায়। প্রচারণামূলক ট্রেলার ইউটিউব ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ৪৮ ঘণ্টায় ১ কোটি ৩০ লাখবার দেখা হয়। মূল ওয়েবটুনটি প্রকাশের পর থেকে প্রায় ৩০০ কোটি বার দেখা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত সিরিজটির চারটি পর্ব মুক্তি পেয়েছে। ১১ নভেম্বর থেকে প্রতি বুধবার দুটি করে নতুন পর্ব প্রকাশ করা হবে। ২৫ নভেম্বর প্রচারিত হবে শেষ পর্ব।

নাভিয়েরের গল্পে মুগ্ধ দর্শক, ৫০ দেশে শীর্ষে সিরিজ