বিশ্বপর্যটনের মানচিত্রে পতেঙ্গা-খেজুরতলাকে তুলে ধরার উদ্যোগ
বঙ্গোপসাগরের নীল জলরাশি, নির্মল বাতাস আর দিগন্তজোড়া প্রাকৃতিক সৌন্দর্যকে ঘিরে নতুন সম্ভাবনার হাতছানি চট্টগ্রামের পর্যটনশিল্পে। পতেঙ্গা থেকে খেজুরতলা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সমুদ্রসৈকত পর্যটকদের জন্য উন্মুক্ত করে আন্তর্জাতিক মানের পর্যটন গন্তব্যে রূপ দেওয়ার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। পরিকল্পনা অনুযায়ী, পতেঙ্গায় গড়ে উঠবে আধুনিক পর্যটন অবকাঠামো, আর খেজুরতলায় প্রাধান্য পাবে সবুজ পরিবেশ ও প্রকৃতির অপরূপ সৌন্দর্য। এর মাধ্যমে দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছে প্রশাসন। রোববার (৮ নভেম্বর) খেজুরতলা সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান ও নান্দনিক চট্টগ্রাম গড়ার কর্মসূচিতে এ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। জেলা প্রশাসক জানান, পতেঙ্গার ওয়েস্ট পয়েন্ট থেকে খেজুরতলার শেষ প্রান্ত পর্যন্ত বিস্তৃত সৈকতকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পতেঙ্গাকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্রে উন্নীত করতে গত বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। তিনি বলেন, পতেঙ্গা ও খেজুরতলাকে দুটি স্বতন্ত্র বৈশিষ্ট্যের পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলা হবে। পতেঙ্গায় আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হলেও খেজুরতলার প্রাকৃতিক পরিবেশ ও সবুজের সমারোহ যথাসম্ভব অক্ষুণ্ন রাখা হবে। বিশেষ করে এখানকার সূর্যোদয় ও সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য আন্তর্জাতিক পর্যটকদের কাছে তুলে ধরতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) মহাপরিচালক (সচিব) মো. আমিনুল ইসলাম বলেন, খেজুরতলা সমুদ্রসৈকতের প্রাকৃতিক বৈশিষ্ট্য অত্যন্ত আকর্ষণীয়। পরিকল্পিত উন্নয়ন ও যথাযথ পরিচর্যার মাধ্যমে এই এলাকাকে দেশের অন্যতম পর্যটন গন্তব্যে পরিণত করা সম্ভব। এ ক্ষেত্রে পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।আরও পড়ুন, বৈচিত্র্যের বন্ধনে সম্প্রীতির আহ্বান, সাতক্ষীরায় তরুণ নেতৃত্বাধীন মেলাবিশেষ অতিথি চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, তৈরি পোশাকশিল্প, কৃষি ও প্রবাসী আয়ের পাশাপাশি পর্যটন দেশের অর্থনীতির চতুর্থ বৃহৎ শক্তি হয়ে ওঠার সম্ভাবনা রাখে। পতেঙ্গা-খেজুরতলাকে বিশ্বমানের পর্যটনকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা গেলে বিদেশি পর্যটকদের আগমন বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রা ও রাজস্ব অর্জনের নতুন সুযোগ সৃষ্টি হবে। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন জেলা প্রশাসনের সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রমের প্রশংসা করে বলেন, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পর্যটনকেন্দ্রগুলোর আধুনিকায়নের পাশাপাশি পুরো চট্টগ্রামকে পরিচ্ছন্ন ও নান্দনিক জেলা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা আরও জানান, গত জুলাই থেকে চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সুন্দর ও পর্যটনবান্ধব করে গড়ে তুলতে ধারাবাহিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চলমান রয়েছে। তবে ৭ নভেম্বর রাষ্ট্রীয় কর্মসূচি থাকায় এবারের অভিযান রোববার অনুষ্ঠিত হয়। পর্যটন উন্নয়নে শুধু অবকাঠামো নির্মাণ যথেষ্ট নয় উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করতে নিরাপত্তা, উন্নত সেবা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। এ জন্য জেলা প্রশাসন, সিটি করপোরেশন, টুরিস্ট পুলিশ, গণমাধ্যম এবং পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। তিনি আরও বলেন, পতেঙ্গা ও খেজুরতলার পাশাপাশি চট্টগ্রামের অপেক্ষাকৃত অপরিচিত এবং সম্ভাবনাময় পর্যটন এলাকাগুলোকেও পর্যায়ক্রমে বিশ্বদরবারে তুলে ধরা হবে। প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও নির্মল বিনোদনের পরিবেশ নিশ্চিত করাই প্রশাসনের অন্যতম লক্ষ্য। সংশ্লিষ্টদের প্রত্যাশা, পরিকল্পিত উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও আন্তর্জাতিক মানের পর্যটনসেবার সমন্বয় ঘটলে পতেঙ্গা-খেজুরতলা হয়ে উঠতে পারে দেশের পর্যটনশিল্পের নতুন আকর্ষণ। আধুনিকতার স্পর্শে পতেঙ্গা আর সবুজের স্নিগ্ধতায় খেজুরতলা এই দুইয়ের মেলবন্ধন চট্টগ্রামের পর্যটন অর্থনীতিতে খুলে দিতে পারে সম্ভাবনার এক নতুন অধ্যায়।