অস্ট্রেলিয়ার ক্রিকেটে আলোচিত ‘স্যান্ডপেপার গেট’ কেলেঙ্কারি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে উসমান খাজার আত্মজীবনীতে করা দাবিকে কেন্দ্র করে। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনায় কেবল স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট শাস্তি পেলেও, খাজার দাবি, পরিকল্পনা সম্পর্কে দলের সব খেলোয়াড় আগে থেকেই জানতেন। তবে ওই টেস্টে খেলা পেসার মিচেল স্টার্ক নিজের আগের অবস্থানেই অনড় রয়েছেন। ইত্তেফাকের প্রতিবেদন অনুযায়ী, খাজার আত্মজীবনী ‘সবর’-এর একটি অধ্যায়ে বলা হয়েছে, কেপটাউন টেস্টে ক্যামেরার সামনে ব্যানক্রফটের স্যান্ডপেপার ব্যবহারের ঘটনা ধরা পড়ার আগেও পোর্ট এলিজাবেথ টেস্টে বল বিকৃতির ঘটনা ঘটেছিল। প্রায় আট বছর পর তাঁর এই বক্তব্য প্রকাশ্যে আসায় অস্ট্রেলিয়ার ক্রিকেট অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এর আগে ২০২১ সালে ব্যানক্রফট সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’কে বলেছিলেন, বল টেম্পারিংয়ের বিষয়টি দলের বোলারদের অজানা থাকার কথা নয়। তাঁর মন্তব্যের পর কেপটাউন টেস্টের চার বোলার প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক ও নাথান লিয়ন যৌথ বিবৃতিতে বলেছিলেন, এ বিষয়ে তাঁদের কোনো ধারণা ছিল না। খাজার দাবির বিষয়ে অস্ট্রেলিয়ার টেস্ট ওপেনার নিক ম্যাডিনসন একে বই বিক্রির প্রচারকৌশল হিসেবে দেখেছেন।আরও পড়ুন,ইতিহাস গড়ে ‘গোল্ডেন বয়’ হলেন ডিফেন্ডার কুবারসি অন্যদিকে ডেভিড ওয়ার্নার তাঁর বক্তব্যকে পুরোপুরি সত্য বলে সমর্থন করেছেন। এবার নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন স্টার্ক। ২০২১ সালের যৌথ বিবৃতিতে দেওয়া বক্তব্য থেকে তিনি সরে আসেননি। স্টার্ক বলেন, আট বছর আগের ঘটনা নিয়ে নানা মতামত থাকলেও বিষয়টি নিয়ে তিনি খুব বেশি মনোযোগ দেননি। সে সময় এবং পরবর্তী সময়ে তাঁদের কঠোরভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। অন্য বোলারদের হয়ে কথা বলতে না চাইলেও নিজের অবস্থান বদলায়নি বলে জানান তিনি। ২০২১ সালে তাঁরা যে বক্তব্য দিয়েছিলেন, এখনো সেটিতেই অনড় রয়েছেন বলে উল্লেখ করেন। পোর্ট এলিজাবেথ টেস্টে বল বিকৃতির অভিযোগের বিষয়ে স্টার্ক বলেন, সেখানে এমন ঘটনা ঘটেছিল এ কথা তিনি প্রথম শুনেছেন। তাঁদের আগের বিবৃতিতে মাঠে কী ঘটতে যাচ্ছে, সে বিষয়ে কোনো ধারণা না থাকার কথা জানানো হয়েছিল বলেও স্মরণ করিয়ে দেন তিনি। এ বিষয়ে আর কিছু বলতে চাননি অস্ট্রেলীয় পেসার। এদিকে আট বছর আগের ঘটনা নিয়ে নতুন করে তদন্তের পরিকল্পনা নেই বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সংস্থাটির প্রধান নির্বাহী গ্রিনবার্গের বক্তব্য, অতীতের ঘটনা আবার খতিয়ে দেখে এখন কোনো লাভ হবে না। এমনটাই মনে করেন তিনি।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।