নগরবাসীর পরিচ্ছন্নতাসংক্রান্ত অভিযোগ দ্রুত গ্রহণ ও কার্যকর সমাধানের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ডিএসসিসি চালু করা ‘ক্লিন কেয়ার’ অ্যাপ নাগরিক সেবায় সাড়া ফেলেছে।গত ৭ জুলাই অ্যাপটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর ১ আগস্ট থেকে এর পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয়। কার্যক্রম শুরুর পর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দুই মাসে অ্যাপটির মাধ্যমে মোট ১ হাজার ৪৬১টি অভিযোগ পাওয়া গেছে।ডিএসসিসি সূত্র জানায়, এসব অভিযোগের মধ্যে ১ হাজার ২০টি সফলভাবে নিষ্পত্তি করা হয়েছে। বাকি ৪৪১টি অভিযোগ বর্তমানে নিষ্পত্তির প্রক্রিয়াধীন রয়েছে।অ্যাপটির মাধ্যমে সেবা গ্রহণকারীদের সন্তুষ্টির গড় হার ৫-এর মধ্যে ৪ দশমিক ৫। পাশাপাশি ৮৯ শতাংশ ব্যবহারকারী অ্যাপটির সেবা সম্পর্কে ইতিবাচক মতামত দিয়েছেন বলে জানিয়েছে ডিএসসিসি।‘ক্লিন কেয়ার’ অ্যাপের মাধ্যমে নগরবাসী পরিচ্ছন্নতাসংক্রান্ত বিভিন্ন সমস্যা সহজেই কর্তৃপক্ষকে জানাতে পারছেন। অভিযোগ পাওয়ার পর তা সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হচ্ছে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে অভিযোগ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে।আরও পড়ুন, দামে কমলেও এলপিজি নিয়ে বাড়ছে ভোগান্তি ডিএসসিসির কর্মকর্তাদের মতে, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির ফলে পরিচ্ছন্নতা কার্যক্রমে জবাবদিহি বাড়ার পাশাপাশি সেবার গতি বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে নাগরিকদের অভিযোগ জানানোর প্রক্রিয়াও সহজ হয়েছে।ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, পরিচ্ছন্ন নগর গঠনে সিটি করপোরেশনের উদ্যোগের পাশাপাশি নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। ‘ক্লিন কেয়ার’ অ্যাপের মাধ্যমে নাগরিকদের মতামত ও পরামর্শ নিয়ে একটি পরিচ্ছন্ন বাসযোগ্য ও আধুনিক ঢাকা গড়ে তোলার চেষ্টা অব্যাহত থাকবে।অ্যাপটির প্রতি আস্থা রাখার জন্য নগরবাসীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, নাগরিক সেবা আরও বিস্তৃত করতে ভবিষ্যতে ডিএসসিসির অন্যান্য সেবাকেও এই অ্যাপের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।ডিএসসিসি জানায়, বর্তমান সরকারের প্রথম ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে জবাবদিহিমূলক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে ‘ক্লিন কেয়ার’ ডিজিটাল সিস্টেম চালু করা হয়েছে। এর মাধ্যমে নাগরিকদের অভিযোগ দ্রুত গ্রহণ এবং সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে তা সমাধানের ব্যবস্থা করা হচ্ছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।