নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির দুই নেতা হত্যার ঘটনার জেরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তিসহ কয়েকজন নেতা-কর্মীর বাড়ি ও দোকানপাটে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার বেন্দারচর গ্রামে এসব ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলে গিয়ে ২০ থেকে ৩০টি বাড়িতে আগুন দেখতে পান তাঁরা। প্রতিটি বাড়িতে একাধিক ঘর থাকায় ক্ষতিগ্রস্ত ঘরের সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা তাদের। তবে উপজেলা প্রশাসন জানিয়েছে, কয়েকটি বাড়ি ও ১৫ থেকে ২০টি ঘর ভাঙচুর এবং পাঁচ থেকে ছয়টি ঘরে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে বুধবার কালিয়ায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় দলটির দুই নেতা নিহত হন। তাঁরা হলেন উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা ও পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম।আরও পড়ুন, সীমান্তের শান্তি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান এমরান সালেহর বেন্দারচরের কয়েকজন বাসিন্দার অভিযোগ, শুক্রবার বিকেলে বিএনপির লোকজন সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক, সাবেক পৌর মেয়র মুশফিকুর রহমানসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িতে হামলা চালান। তাঁদের দাবি, গ্রামের প্রায় ৫০টি বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। বড় কালিয়া এলাকায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বাড়িতেও হামলার অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান। তাঁর দাবি, বিএনপির নেতাদের উপস্থিতিতে হামলার ঘটনা ঘটেছে বলে যে প্রচার চলছে, তা ভিত্তিহীন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম বলেন, সাবেক সংসদ সদস্যের বাড়িসহ কয়েকটি বাড়িতে হামলা এবং কয়েকটি ঘরে অগ্নিসংযোগের বিষয়টি তাঁরা নিশ্চিত হয়েছেন। কারা এসব ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির জানান, শুক্রবার বিকেল চারটার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। নিরাপত্তাহীনতা ও প্রতিবন্ধকতার কারণে তাঁরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যেতে পারেননি।আরও পড়ুন,গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হলে দায় সরকার ও আওয়ামী লীগের: মঞ্জু রাত আটটার দিকে গিয়ে বিভিন্ন বাড়িতে আগুন দেখতে পান এবং কয়েকটি বাড়ির আগুন নেভান। পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির দুই নেতা হত্যার ঘটনায় বিক্ষুব্ধ স্বজন ও অন্য ব্যক্তিরা বিকেল পৌনে পাঁচটার দিকে বেন্দারচরে জড়ো হয়ে হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগের নেতা-কর্মীদের কয়েকটি বাড়িতে হামলা চালান। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার প্রচারকে মিথ্যা বলেছে। পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের দাবি, নিহত দুই নেতার স্বজন ও সমর্থকেরা তিন থেকে চারটি বাড়িতে হামলা-ভাঙচুর করেছেন; এলাকাটি হিন্দু-অধ্যুষিত নয়। শনিবার সকালে গ্রাম ঘুরে দেখা যায়, অনেক নারী সন্তান ও মালামাল নিয়ে এলাকা ছাড়ছেন। কয়েকজন বাসিন্দা ঘরের আসবাব, গবাদিপশু ও অন্যান্য মালামাল লুটের অভিযোগ করেন। এক নারী তাঁর আত্মীয়কে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগও তোলেন। এসব অভিযোগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।