দেশজুড়ে ধারাবাহিক সহিংসতা, ককটেল বিস্ফোরণ, যানবাহন ও সরকারি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগের মধ্যে ঝুঁকিপূর্ণ আট কারাগারে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। কারাগারের বাইরের নিরাপত্তার পাশাপাশি বন্দিদের মধ্যে যাতে কোনো ধরনের অসন্তোষ, বিদ্রোহ বা বিশৃঙ্খলা তৈরি না হয়, সে বিষয়েও সতর্ক রয়েছে কর্তৃপক্ষ। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ২১ জেলার ৮৭টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময়ে ৮৩টি পরিবহণে অগ্নিসংযোগ করা হয়। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানাসহ পুলিশের চারটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর, ২৮টি পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর এবং তিনটি স্থাপনায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় ৩৯টি মামলা হয়েছে এবং গ্রেপ্তার হয়েছেন ৬৬ জন।আরও পড়ুন,রাজনৈতিক দূরত্ব কমাতে এনসিপির সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এ পরিস্থিতিতে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ), কাশিমপুর কারা কমপ্লেক্স, গাজীপুর, নরসিংদী, কক্সবাজার, কুমিল্লা, খুলনা ও রাজশাহী কারাগারে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। কাশিমপুর কারা কমপ্লেক্সের নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়ে ১৮ নভেম্বর চিঠি পাঠিয়েছে কারা কর্তৃপক্ষ। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার হালিমা খাতুন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, সেখানে রাজনৈতিক বন্দিসহ প্রায় ১২ হাজার বন্দি রয়েছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে চিহ্নিত এই এলাকায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সার্বক্ষণিক নিরাপত্তা ও টহল জোরদার প্রয়োজন। কারা অধিদপ্তরের জেলার (মিডিয়া উইং) মাসুদ হাসান জুয়েল জানান, প্রতিটি কারাগার নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় কারা সুপার, জেলার ও কারারক্ষীদের নির্দেশনা দেওয়া হয়েছে।আরও পড়ুন,মাশরাফির রাজনৈতিক অবস্থান নিয়ে রাশেদ খাঁনের মন্তব্য এসএমএস ও হোয়াটসঅ্যাপের মাধ্যমেও সতর্কতামূলক বার্তা পাঠানো হচ্ছে। কারাগারের নিরাপত্তা নিয়ে উদ্বেগের পেছনে রয়েছে ২০২৪ সালের জুলাই-আগস্টের অভিজ্ঞতা। সে সময় অন্তত ১৭টি কারাগারে হামলা, বিদ্রোহ ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে। বিভিন্ন কারাগার থেকে পালানো ২ হাজার ২৪৭ বন্দির মধ্যে ১ হাজার ৫৫৭ জনকে ফিরিয়ে আনা হয়েছে। এখনো ৬৯০ জন পলাতক রয়েছেন।দেশের ১৫টি কেন্দ্রীয় ও ৬০টি জেলা কারাগারের ধারণক্ষমতা ৪৫ হাজার ১৮৬ জন হলেও বর্তমানে বন্দি প্রায় ১ লাখ ১৫ হাজার। অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মেছবাহুল আলম সেলিম জানিয়েছেন, সব কারাগারে নিরাপত্তা জোরদার ও নিয়মিত তদারকি চলছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।