দৈনিক সংবাদ দিগন্ত

মধুপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল কলেজ ছাত্রর

টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় জয় (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।সোমবার সন্ধ্যায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কাকরাইদ এলাকার তেঁতুলতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, জয় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎ এক বৃদ্ধ ব্যক্তি রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। তাকে বাঁচাতে গিয়ে জয় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির প্রচণ্ড সংঘর্ষ হয়।আরও  পড়ুন, কৃষকদের দুশ্চিন্তা বাড়ছেসংঘর্ষের পর জয় সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।পরে রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত জয় মধুপুর সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার সুবিধার্থে তিনি মধুপুর পৌর শহরের সরকারি কলেজ এলাকায় তার আপন চাচা যোগেশ্বরের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি বগুড়া জেলায়।এই মর্মান্তিক দুর্ঘটনায় সহপাঠী, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মধুপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল কলেজ ছাত্রর