নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী নতুন বেতন-ভাতা পাওয়ার অপেক্ষায় থাকা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর আসছে। তাঁদের নতুন পে-স্কেল কার্যকরে পৃথক গেজেট বা প্রজ্ঞাপন জারির উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ বিভাগে চিঠি পাঠানো হয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই গেজেট প্রকাশের চেষ্টা চলছে। সোমবার (১৬ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে। মন্ত্রণালয় সূত্র জানায়, স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা দিতে অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা প্রয়োজন হবে। এ অর্থ বরাদ্দের জন্য অর্থ বিভাগে চিঠি পাঠানো হয়েছে। অর্থ বরাদ্দে সম্মতি পাওয়া গেলেও নতুন বেতন কাঠামো কার্যকরে পৃথক প্রজ্ঞাপন জারি প্রয়োজন। বিষয়টির গুরুত্ব বিবেচনায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক এক দিনের মধ্যে আদেশ জারির অনুরোধ জানিয়ে অর্থ বিভাগে আরেকটি চিঠি পাঠিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা জানান, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য পৃথক গেজেট দ্রুত প্রকাশের বিষয়ে অর্থ বিভাগের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। চলতি সপ্তাহের মধ্যেই গেজেট প্রকাশের চেষ্টা চলছে।আরও পড়ুন, ড্রোন ও সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়াতে সিগন্যালস কোরকে সেনাপ্রধানের নির্দেশনাএদিকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থের হিসাব তৈরির কাজ চলছে। বুধবারের মধ্যে হিসাব চূড়ান্ত করে বৃহস্পতিবারের মধ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পাঠানোর প্রস্তুতি রয়েছে। অন্যদিকে এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেল অনুযায়ী বেতন দিতে প্রায় ২ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। এ বিষয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে সংশ্লিষ্ট বিভাগে চিঠি পাঠানো হয়েছে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ সূত্র জানায়, কারিগরি ও মাদ্রাসা অধিদপ্তরের প্রয়োজনীয় অর্থের হিসাব একত্র করে অর্থ বিভাগে বরাদ্দের জন্য চিঠি পাঠানো হবে। বিভাগটির যুগ্ম সচিব সৈয়দ মোহাম্মদ জাহিদ হোসেন জানান, দুই অধিদপ্তরের প্রয়োজনীয় অর্থের হিসাব পাওয়ার পর সমন্বিতভাবে অর্থ বরাদ্দের আবেদন পাঠানো হবে। সব মিলিয়ে স্কুল-কলেজ, কারিগরি ও মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়নে প্রশাসনিক ও আর্থিক প্রক্রিয়া এগোচ্ছে। তবে পৃথক গেজেট প্রকাশ এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দের আনুষ্ঠানিক সিদ্ধান্তের পরই নতুন বেতন-ভাতা কার্যকরের বিষয়টি চূড়ান্ত হবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।