দৈনিক সংবাদ দিগন্ত

বিজিবির এপিসি ও জিপে আগুন, টুঙ্গিপাড়ায় মামলা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলদলের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ, গোলাবারুদ ধ্বংস ও সরঞ্জাম লুটের অভিযোগে মামলা হয়েছে। মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা সভাপতি নিউটন মোল্লাকে প্রধান আসামি করে আটজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও পাঁচ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। গত ২৩ নভেম্বর বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার মো. শওকত আলী বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলাটি করেন। শুক্রবার (২৭ নভেম্বর) গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু মামলার বিষয়টি নিশ্চিত করেন। মামলায় নাম উল্লেখ করা অন্য ব্যক্তিরা হলেন ছাত্রলীগের জেলা সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন, বর্তমান সভাপতি শামছুল হক, সহসভাপতি রিপন শেখ ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বিশ্বাস ওরফে কালুসহ আরও দুজন। এজাহার অনুযায়ী, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেসামরিক প্রশাসনকে সহযোগিতার অংশ হিসেবে পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিহাব ইমামের সঙ্গে টহলে ছিল বিজিবি। আরও পড়ুন, দক্ষ কর্মী গড়তে প্রশিক্ষণ ও ভাষা শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রীটুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে সেখানে যাওয়ার পথে নিলফা বাজারে পৌঁছালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে গাছ ফেলে তাদের পথ আটকে দেন। এজাহারে অভিযোগ করা হয়, সড়ক থেকে গাছ সরানোর অনুরোধের পর একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলা চালানো হয় এবং ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় বিজিবির একটি পাজেরো জিপ ও একটি এপিসি কোবরা গাড়িতে আগুন দেওয়া হয়। হামলায় বিজিবির চার সদস্য গুরুতর আহত হন। মামলার বিবরণে বলা হয়েছে, আগুনে দুটি যানবাহন পুড়ে যাওয়ার পাশাপাশি ৯০ রাউন্ড গুলি ও তিনটি এসএমজির ম্যাগাজিন ধ্বংস হয়। অন্য একটি এপিসির টায়ার, ফগ লাইট ও পিকআপের উইন্ডশিল্ড ক্ষতিগ্রস্ত হয়। গাড়ি থেকে একটি ল্যাপটপ, ওয়াকিটকি সেট, ব্যাটারি ও চার্জার লুটের অভিযোগও করা হয়েছে। এজাহারে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ ৬ কোটি ৫১ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন সেন্টু জানান, হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলাটি করা হয়েছে।

বিজিবির এপিসি ও জিপে আগুন, টুঙ্গিপাড়ায় মামলা