দেশের টেলিযোগাযোগ খাতে আর্থিক স্বচ্ছতা আনয়ন এবং নিয়ন্ত্রণমূলক বিধিবিধান প্রতিপালন নিশ্চিত করতে কঠোর অবস্থান গ্রহণ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সংস্থার সাম্প্রতিক কমিশন সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকেই আইআইজি, আইএসপি, এমএনপি, এনটিটিএন এবং আইপিটিএসপি অপারেটরদের বকেয়া রাজস্ব আদায়, শর্ত অমান্যকারীদের জরিমানা এবং অনিয়ম রোধে একগুচ্ছ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিটিআরসির নথিপত্র অনুযায়ী, ২৬টি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) অপারেটরের কাছে আনবিল্ড ব্যান্ডউইথ বাবদ পাওনা ৯ কোটি ৪৭ লাখ টাকার মধ্যে সিংহভাগই বকেয়া রয়ে গেছে। এর মধ্যে কয়েকটি প্রতিষ্ঠানকে বিলম্ব ফি সহ কিস্তিতে বকেয়া শোধের সুযোগ দেওয়া হলেও ম্যাঙ্গো টেলিসার্ভিসেস, আমরা টেকনোলজিসসহ বেশ কিছু বকেয়া খেলাপির বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার জন্য লিগ্যাল বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে। আরও পড়ুন,শেখ হাসিনার আবেদন নিয়ে পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের পর্যালোচনাতাছাড়া, রাষ্ট্রায়ত্ত বিটিসিএলের কাছে বকেয়া ২ কোটি ৬৪ লাখ টাকা আদায়ে আনুষ্ঠানিক তাগিদপত্র ইস্যু করা হয়েছে এবং অবৈধ পিওপি পরিচালনার দায়ে আর্থ টেলিকমিউনিকেশনকে জরিমানা করা হয়েছে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) খাতে স্বয়ংক্রিয় ডাটা ইনফরমেশন সিস্টেমে (ডিআইএস) বাধ্যতামূলক তথ্য জমা না দেওয়ায় ১১৬টি অকার্যকর ও নিয়ম ভঙ্গকারী লাইসেন্সধারীর বিরুদ্ধে পর্যায়ক্রমিক জরিমানা আরোপ করেছে বিটিআরসি। আগামী ৩০ দিনের মধ্যে তথ্য জমা না দিলে এবং লাইসেন্স নবায়ন সম্পন্ন না করলে তাৎক্ষণিক লাইসেন্স বাতিলের কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইতোমধ্যেই 'জিরোটেক অনলাইন' লাইসেন্স সমর্পণ করেছে এবং বারবার নোটিশ উপেক্ষা করায় 'এম বি ক্লিয়ার নেট'-এর লাইসেন্স বাতিলের প্রক্রিয়া বিবেচনায় রয়েছে। অন্যদিকে, প্রায় ৫ কোটি ১ লাখ টাকার বকেয়া পুঞ্জীভূত রাজস্ব পরিশোধ না করা এবং কিস্তির শর্ত ভঙ্গ করায় দেশের একমাত্র এমএনপি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান 'ইনফোজিলিয়ন টেলিটেক বিডি'-কে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি, বিটিআরসির পূর্বানুমোদন ছাড়া 'সাইক্লোন প্রজেক্ট'-এর আওতায় তৃতীয় পক্ষের সাথে সেবা চুক্তি করার অপরাধে এনটিটিএন অপারেটর 'ফাইবারঅ্যাটহোম লিমিটেড'-কে ৫ লাখ টাকা জরিমানা করেছে বিটিআরসি। কমিশনের এমন দৃঢ় পদক্ষেপ টেলিকম খাতে শৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।