দৈনিক সংবাদ দিগন্ত

রামপুরায় ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি

রাজধানীর রামপুরায় একটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের (আইএসপি) কার্যালয়ে ঢুকে দুই কর্মচারীকে গুলি করেছে দুর্বৃত্তরা। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় হাতিরঝিল থানার ওয়াপদা রোডে অবস্থিত স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজি অফিসে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন হাবিবুর রহমান (২৬) ও সাজু আহমেদ (২৯)। তাদের মধ্যে হাবিবুরের বাঁ হাতে এবং সাজুর ডান পায়ের হাঁটুর নিচে গুলি লেগেছে। রাত সাড়ে ৮টার দিকে ঘটনার বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান।আরও পড়ুন, শ্যামলীতে আবাসিক হোটেল রাজ্জাকের আড়ালে অপরাধের অভিযোগ!স্থানীয় সূত্রের বরাত দিয়ে তিনি জানান, সন্ধ্যা ৭টার দিকে চারজন অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত ওই ইন্টারনেট কার্যালয়ে প্রবেশ করে। একপর্যায়ে তারা দুই কর্মচারীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় হামলাকারীরা। এ সময় কার্যালয়ে থাকা অন্য কর্মচারীরা আহত দুজনকে উদ্ধার করে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। পুলিশ জানিয়েছে, কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে হাতিরঝিল থানা পুলিশ। রাজধানীর একটি ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে প্রকাশ্যে গুলির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

রামপুরায় ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি