দৈনিক সংবাদ দিগন্ত

অভিনয়ে বৈচিত্র্য চান মিস ইউনিভার্স বাংলাদেশের বিজয়ী

ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট জিতেছেন। এবার আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তিনি। অভিনয়ের পাশাপাশি নতুন এই অর্জনকে নিজের স্বপ্নপূরণের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন মাহি। তাঁর প্রত্যাশা, দেশের মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের মুখ উজ্জ্বল করবেন। সম্প্রতি বুলবুল ফাহিমের সঙ্গে এক সাক্ষাৎকারে মুকুট জয়, আন্তর্জাতিক মঞ্চের প্রস্তুতি, অভিনয় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন এই অভিনেত্রী। মুকুট জয়ের অনুভূতি জানাতে গিয়ে মাহি বলেন, এটি শুধু একটি মুকুট নয়, বরং একটি স্বপ্নের প্রতীক। এত দিন জাতীয় পর্যায়ে কাজ করেছেন। এবার প্রথমবারের মতো আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন। এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয় বলেও জানান তিনি। মুকুট জয়ের মুহূর্তের স্মৃতিচারণা করে মাহি বলেন, আনন্দে তাঁর চোখে পানি চলে এসেছিল। তাঁর মতে, দেশের প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিক মঞ্চে যাওয়ার স্বপ্ন অনেক মেয়েরই থাকে। সেই সুযোগ পাওয়াকে নিজের জন্য বড় অর্জন হিসেবে দেখছেন তিনি। পরিবারের সমর্থন প্রসঙ্গে মাহি জানান, বাবা-মা তাঁকে উৎসাহ দিয়ে বলেছেন, ‘যাও, বিশ্ব জয় করে আসো।’ আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো করতে সবার কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন তিনি।আরও পড়ুন, গুলশান কুমার হত্যা থেকে তারকাদের হুমকি, আলোচনায় আবু সালেম মাহির ভাষায়, এই যাত্রায় শুধু বাংলাদেশের পতাকাই নয়, দেশের মানুষের আশা, স্বপ্ন ও ভালোবাসাও সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চান। অভিনয়ে কিছুদিন বিরতি নেওয়ার কারণও জানিয়েছেন মাহি। তাঁর মতে, টানা কাজ করলে একঘেয়েমি তৈরি হয়। তাই নিজেকে সময় দিতে এবং দেশ-বিদেশ ঘুরতে কিছুদিন বিরতি নিয়েছিলেন। পরে আবার কাজে ফিরেছেন। অভিনয়ের ক্ষেত্রে ভিন্নধর্মী গল্প ও চরিত্রে কাজ করতে আগ্রহী তিনি। একই ধরনের চরিত্রে আটকে থাকতে চান না। বর্তমানে পারিবারিক গল্পের নাটকে বেশি কাজ করছেন বলে জানান। ওটিটি প্ল্যাটফর্মে কাজের প্রস্তাব পেলেও নিজের পছন্দ অনুযায়ী গল্প না পাওয়ায় এখনো কাজ করা হয়নি। ভালো গল্প পেলে এ মাধ্যমেও কাজ করতে চান। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মাহি বলেন, দর্শকদের ভালো গল্প উপহার দেওয়াই তাঁর লক্ষ্য। একটি কাজের পেছনে শিল্পী ও কলাকুশলীদের পরিশ্রম থাকে বলে দর্শকের কাছে পৌঁছানো এবং ভিউ পাওয়াকেও তিনি গুরুত্বপূর্ণ মনে করেন।

অভিনয়ে বৈচিত্র্য চান মিস ইউনিভার্স বাংলাদেশের বিজয়ী