জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া। একই সঙ্গে দলের সব ধরনের দায়িত্ব ও সাংগঠনিক সম্পৃক্ততা থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। মঙ্গলবার ২৪ নভেম্বর এক বিবৃতিতে পদত্যাগের সিদ্ধান্ত জানান সুলতান মোহাম্মদ জাকারিয়া। পদত্যাগের কারণ হিসেবে দলের অভ্যন্তরীণ গণতন্ত্র, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহির চর্চায় প্রত্যাশিত অগ্রগতি না হওয়ার কথা উল্লেখ করেছেন তিনি। বিবৃতিতে তিনি জানান, জুলাই-পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতায় গণতান্ত্রিক রাজনীতিতে তরুণদের সংগঠিত করতে সহায়তার লক্ষ্য নিয়ে এনসিপিতে যোগ দিয়েছিলেন। দলটির প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক, আন্তর্জাতিক সম্পাদক, নির্বাহী পরিষদের সদস্যসহ বিভিন্ন সেল ও উইংয়ে দায়িত্ব পালন করেছেন তিনি। পাশাপাশি নোয়াখালী-২ আসনে দলের প্রার্থী হিসেবেও কাজ করেছেন। এ ছাড়া এনসিপির ২৪ দফা রাজনৈতিক ম্যানিফেস্টারসহ বিভিন্ন সাংগঠনিক দলিল প্রণয়নেও ভূমিকা রাখার চেষ্টা করেছেন বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি। আরও পড়ুন,সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে বিজিবিসুলতান মোহাম্মদ জাকারিয়া বলেন, দলের অভ্যন্তরীণ গণতন্ত্র প্রতিষ্ঠা, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করা এবং স্বচ্ছতা ও জবাবদিহি জোরদার করতে শুরু থেকেই দলীয় ফোরাম ও নেতৃত্বের কাছে বিভিন্ন পরামর্শ দিয়েছেন। তবে দলের প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার প্রচেষ্টা প্রত্যাশিতভাবে সফল হয়নি। তিনি আরও জানান, তরুণ নেতৃত্ব সময়ের সঙ্গে নিজেদের সক্ষমতা বাড়িয়ে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেবে—এমন প্রত্যাশা থেকে ধৈর্য ধরে দলের সঙ্গে ছিলেন। কিন্তু প্রত্যাশিত পরিবর্তন না আসায় শেষ পর্যন্ত সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বিবৃতিতে ব্যক্তিগত সম্মান, মর্যাদা ও আত্মমর্যাদার বিষয়টিও তুলে ধরেন তিনি। সুলতান মোহাম্মদ জাকারিয়া বলেন, আত্মসম্মান ও জবাবদিহির প্রশ্নে আপস করে জীবনে বিশেষ কিছু অর্জন করতে চান না। এদিকে একই বিবৃতিতে এনসিপির আরও দুই নেতা হান্নান মাসউদ ও নিজাম উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগও উত্থাপন করেছেন তিনি। সব মিলিয়ে দলের অভ্যন্তরীণ গণতন্ত্র, সাংগঠনিক স্বচ্ছতা ও জবাবদিহির প্রশ্ন তুলে এনসিপি থেকে সরে দাঁড়ালেন দলটির কেন্দ্রীয় এই নেতা।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।